Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে অস্ত্রসহ ডাকাত সর্দার শামিম গ্রেপ্তার

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০২ নভেম্বর, ২০১৬

গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল বশর মোহাম্মদ ছদর উল্লা চৌধুরীর বাড়িতে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার শামিমকে (২৫) গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (০১ নভেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। শামীম বাদেপাশা ইউপির কোনাগাঁও গ্রামের ফরমান আলীর পুত্র।

পুলিশ জানায়, গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক শিবলীর নেতৃত্বে পুলিশ দু’ভাগে বিভক্ত হয়ে ভাদেপাশা ইউপির কোনাগাঁও গ্রামে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত শামিম নিজের বসতঘরে মাটির নিচে গর্ত করে নির্মিত বাংকারে আত্মগোপন করার চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশ তল্লাশি চালিয়ে শামীমের ঘরের ভেতরে চটের বস্তা দিয়ে বাংকার থেকে তাকে আটক করে।

এসময় আটক শামিমের কাছ থেকে একটি দেশীয় পাইপগান ও একটি কার্তুজ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামিম কানিশাইল গ্রামের আবুল বশর মোহাম্মদ ছদর উল্লা চৌধুরীর বাড়িতে ডাকাতির ঘটনা স্বীকার করেছে। ডাকাত শামিমের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.