Sylhet Today 24 PRINT

সিলেটে সদ্য নিয়োগপ্রাপ্ত পুলিশ কনস্টেবলদের ৬ মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদক |  ০২ নভেম্বর, ২০১৬

সিলেটে সদ্য নিয়োগপ্রাপ্ত পুলিশ কনস্টেবলদের ৬ মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে।

বুধবার (২ নভেম্বর) সিলেটের লালাবাজারস্থ রেঞ্জ রিজার্ভ ফোর্স এর নবনির্মিত ব্যারাক ভবনে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মিজানুর রহমান, পিপিএম।

সম্প্রতি পুলিশ বাহিনীতে প্রায় ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ করা হয়। এদের মধ্য থেকে হবিগঞ্জ জেলার ১১৬ জন, সুনামগঞ্জ জেলার ১৩৬ জন ও কিশোরগঞ্জ জেলার ১৪৬ জনসহ সর্বমোট ৩৯৮ জন পুলিশ কনস্টেবলকে ৬ মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হবে।

প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ডিআইজি মোঃ মিজানুর রহমান বলেন, স্বাধীনতা যুদ্ধে পাক সেনাদের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়েন ঢাকাস্থ রাজারবাগের তৎকালীন পুলিশ সদস্যগণ। পুলিশের এই সুবর্ণ ইতিহাসকে কোনোভাবেই মলিন হতে দেয়া যাবেনা। দেশের আইন-শৃংখলা ও আভ্যন্তরীন নিরাপত্তা রক্ষার পাশাপাশি সন্ত্রাস ও জঙ্গী দমনে বাংলাদেশ পুলিশ অত্যন্ত দক্ষতা, সাহসিকতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে।

তিনি প্রশিক্ষণার্থীদের নিয়ম শৃংখলা মেনে কঠোর পরিশ্রম করে মনোযোগ সহকারে আইন অধ্যয়ন, অস্ত্র চালনা ও শারীরিক কসরতগুলো আয়ত্ব করে দক্ষ পুলিশ অফিসার হিসেবে গড়ে ওঠার এবং প্রশিক্ষকদের সর্বাধিক গুরুত্ব সহকারে প্রশিক্ষণ প্রদানের নির্দেশ দেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আরআরএফ কমান্ড্যান্ট (এসপি) জনাব মোঃ মাহমুদুর রহমান, পিপিএম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলার পুলিশ সুপার জনাব মোঃ মনিরুজ্জামান। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সিলেটের বিভিন্ন স্তরের পুলিশ কর্মকর্তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.