Sylhet Today 24 PRINT

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে নগরীতে পূজা উদযাপন পরিষদের মানববন্ধন

সিলেটটুডে ডেস্ক  |  ০২ নভেম্বর, ২০১৬

ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগর, হবিগঞ্জ জেলার মাধবপুর, মনতলা, সুনামগঞ্জ জেলার ছাতক বাজার, মৌলভীবাজার জেলার কামালপুর সহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মন্দির উপসনালয়ে হামলা-ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাটের প্রতিবাদে সিলেট কেন্দ্রীয় শহিদমিনার সম্মুখে মানববন্ধন করেছে সিলেট জেলা ও মহানগর পূজা উদ্যাপন পরিষদ।

বুধবার (২ নভেম্বর) বিকেলে আয়োজিত এই মানববন্ধন কর্মসূচীতে বক্তারা বলেন, এদেশে হিন্দু সম্প্রদায়ের উপর বার বার নির্যাতন নিপীড়ন হয়েছে। মন্দির পুড়ানো, ঘরবাড়ি ভাংচুর, লুটপাটের শিকার হচ্ছে নিরীহ মানুষ। ব্রাহ্মনবাড়িয়া, নাসিরনগর যেভাবে সমাবেশ করে পরিকল্পিতভাবে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট হয়েছে কোন কোন ক্ষেত্রে একাত্তরের পাকিস্তানীদের নির্যাতনকেও হার মানিয়েছে।

বক্তারা আইন প্রয়োগকারী সংস্থার কঠোর সমালোচনা করে বলেন, তাদের ব্যর্থতা প্রমাণ করেছে তারা জেনে বুঝে নীরব থেকেছেন। বক্তারা এই নারকীয় ঘটনায় ব্যর্থ প্রশাসনের বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। একই সাথে স্থানীয় জনপ্রতিনিধির ভূমিকার তীব্র সমালোচনা করে এই ঘটনার দায় তিনি এড়াতে পারেন না বলে উল্লেখ করেন। বক্তারা প্রকৃত হামলাকারী, উস্কানীদাতাদের অবিলম্বে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তারা সমাজের সকল সম্প্রদায়ের বিবেকবান মানুষকে এই সমস্ত ঘটনার পুনরাবৃত্তি না ঘটার জন্য দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং যেকোন মূল্যে দেশের শান্তিকে যারা অশুভ তৎপরতার মাধ্যমে অস্থিতিশীল করতে চায় তাদের বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান।

বক্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনায় ধর্মীয় অবমাননাকারী ব্যক্তির বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

এই মানববন্ধন কর্মসূচীতে অংশ নেন সিলেট জেলা ও মহানগর এবং উপজেলা থেকে আগত নেতাকর্মীবৃন্দ। জেলা পুজা উদ্যাপন পরিষদের সভাপতি এডভোকেট নিরঞ্জন কুমার দে এর সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচীতে বক্তব্য রাখেন- হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা ও জেলা সভাপতি শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তী, পূজা উদ্যাপন পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের জেলা সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য, জেলা সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের মহানগর সিনিয়র সদস্য রাজনীতিবিদ তপন মিত্র, জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের মহানগর সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, খ্রীষ্টান নেতা দানেশ সাংমা, বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের জেলা সভাপতি এডভোকেট রঞ্জন ঘোষ, মহানগর সাধারণ সম্পাদক রথীন্দ্র দাস ভক্ত, দক্ষিণ সুরমা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি মনমোহন দেবনাথ, বালাগঞ্জ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডা: পবিত্র কুমার বণিক, গোয়াইনঘাট পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র পাল, ওসমানীনগর আহ্বায়ক সত্যেন্দ্র কুমার পাল কানু, বালাগঞ্জ সাধারণ সম্পাদক বিজন কুমার ধর, ফেঞ্চুগঞ্জ সাধারণ সম্পাদক বিজন দেবনাথ, জৈন্তাপুর সাধারণ সম্পাদক মানিক দে, বিশ্বনাথ সাধারণ সম্পাদক জয়ন্ত আচার্য, সদর উপজেলা সভাপতি নিলেন্দু দে অনুপ, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ ওসমানীনগর আহ্বায়ক সত্যেন্দ্র কুমার দেব,  দক্ষিণ সুরমা সাধারণ সম্পাদক নিরুপম চক্রবর্তী শুভ্র, ছাত্র যুব ঐক্য পরিষদ ওসমানীনগর উপজেলা সভাপতি পাপ্পু বহ্নি প্রমুখ নেতৃবৃন্দ।

এছাড়াও সিলেট বিবেক, হরে কৃষ্ণ নাম হট্ট সংঘ, লোকনাথ ভক্তবৃন্দ পরিষদ, চৈতন্য গবেষণা পরিষদ, মহালয়া উদ্যাপন পরিষদ, কাশ্যব কল্যাণ পরিষদ, মার্সি বাংলাদেশ ও চা-শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধন কর্মসূচীতে জেলা ও মহানগর শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.