Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলের বাজারে আসতে শুরু করেছে শীতের সবজি, দাম চড়া

সৌরভ আদিত্য, শ্রীমঙ্গল |  ০৩ নভেম্বর, ২০১৬

এখনো শীত না এলেও শীতের সবজি আসতে শুরু করেছে শ্রীমঙ্গলের বাজারগুলোতে। তবে দাম তুলনামূলক বেশি। আবার বাজারভেদে রয়েছে দামের হেরফের। বিক্রেতারা বলছেন, সবজিগুলো বাজারে নতুন ওঠানোর সময় দাম বেশিই রাখা হয়। কৃষকদের কাছ থেকে বেশি দামে কিনতে হয় বলে বিক্রিও করতে হয় বেশি দামে। তবে শীত বাড়ার সঙ্গে সঙ্গে সবজির সরবরাহ বেড়ে গেলে দামও কমে আসবে।

বাজারগুলো ঘুরে দেখা যায়, শ্রীমঙ্গল উপজেলার নতুন বাজার, সাতগাঁও বাজার, সরকার বাজারসহ সব বাজারেই শীতের সবজি আসা শুরু করেছে । বাজারভেদে দামের ক্ষেত্রে দেখা গেছে বেশ ভিন্নতা।

সবজির মধ্যে শিম বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকায়, ফুলকপি প্রতিটি ৪০ থেকে ৪৫ টাকা, বাঁধাকপি প্রতিটি ৩০ থেকে ৪০ টাকা ও বেগুন প্রতি কেজি ৪০ থেকে ৫০ টাকায়। এ ছাড়া প্রতি কেজি ধনে পাতা ২৫০-২৮০ টাকা, গাজর ৭০ টাকা, মুলা ৪০ টাকা, করলা ও চিচিঙ্গা ৫০ টাকা ও বরবটি ৭০ টাকায় বিক্রি হচ্ছে। শীতের সবজির সঙ্গে বিক্রি হচ্ছে জলপাইও। অনেকে ডাল বা টকের তরকারি হিসেবে জলপাই ব্যবহার করেন। অনেকে জলপাইয়ের আচার বানান। জলপাই বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজিতে।

বাজারে আসা ক্রেতা ইউসুফ আলী বলেন, বাজারে বেশি দামে সবজি কিনতে হচ্ছে।

সবজি বিক্রেতা আব্দুর রহিম জানান, মাস খানিক পরেই সবজির দাম কমে যাবে। এখন দাম তুলনামূলক একটু বেশি।

কয়েকজন বিক্রেতা জানান, আগামী এক মাসের মধ্যেই নতুন আলুও বাজারে পাওয়া যাবে। তারা জানান, কয়েক সপ্তাহ ধরেই শীতের নানা ধরনের সবজি বিক্রি শুরু হয়েছে। দিন দিন সরবরাহ বাড়ছে। তবে নতুন বলে দাম কিছুটা বেশি। বিক্রেতাদের বেশি দামে সবজি কিনতে হচ্ছে। এ কারণে তারা ক্রেতাদের কাছে দাম বেশি রাখছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.