বালাগঞ্জ প্রতিনিধি | ০৪ নভেম্বর, ২০১৬
সিলেটের বালাগঞ্জে বজ্রপাতে ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৪ নভেম্বর) সকাল ৯ টায় উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের হুসেনপুর গ্রাম সংলগ্ন কাপনা বিলের পাড়ে এ বজ্রপাতের ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তির নাম আমরুছ আলী (৪২)। তার বাড়ি ইউনিয়নের হুসেনপুর গ্রামে। আহতরা হলেন দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের মুর্তি গ্রামের উছমান আলী (৪৫), নিহতের ছোট ভাই রমজান আলী (৪০) ও স্থানীয় কাপনা বিলের ২ জন প্রহরী।
জানা গেছে, শুক্রবার ভোরে আমরুছ আলী ও তার ভাই রমজান আলী কাপনা বিলের পাশে বোরো ফসলি জমিতে কাজ করতে যান। সকালে ভারি বৃষ্টির কারণে বিল প্রহরীদের ডেরায় (উরায়) আশ্রয় নেন। এসময় ২০/২৫ গজ দুরে বজ্রপাতের ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজমুল আলম বজ্রপাতে নিহতের ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।