Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত, আহত ৩

গোয়াইনঘাট প্রতিনিধি |  ০৫ নভেম্বর, ২০১৬

সিলেটের গোয়াইনঘাটে সিএনজি চালিত অটোরিক্সার চাপায় আদরীনি চন্দ্র (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে। আহত হয়েছে এক শিশুসহ তিনজন।

শনিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার নওয়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আদরীনি নওয়াগাঁও গ্রামের স্বর্গীয় পরেশ চন্দ্রের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আদরীনি সকালে স্থানীয় একটি কিন্ডার গার্টেনের শিক্ষার্থী তার নাতনী শ্রাবনীকে বিদ্যালয়ে পৌছে দেওয়ার জন্য রওয়ানা দেন। রাস্তার পাশ দিয়ে হেটে যাবার পথে গোয়াইনঘাট থেকে ছেড়ে আসা সিলেটগামী (অনটেস্ট) সিএনজি চালিত একটি অটোরিক্সা তাদের চাপা দেয়।

এ সময় ঘটনাস্থলেই বৃদ্ধার মৃত্যু হয়। এ ঘটনায় বৃদ্ধার নাতনী শ্রাবনী ও প্রবাসী দুই সহোদর মুহিবুর রহমান ও সাজ্জাদুর রহমান আহত হন।

গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) মো. জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.