Sylhet Today 24 PRINT

"স্লোগানের" ব্যাগে গণদাবীর স্লোগান

মারূফ অমিত |  ১২ এপ্রিল, ২০১৫

কথায় আছে, প্রচারেই প্রসার। আর সেই প্রচার যখন হয় ভালো কোন নীতি বাক্য বা দাবী নিয়ে তাহলে নিঃসন্দেহেই বলা যায় সেটা মহৎ কাজ। কাগজের ব্যাগ সবার হাতেই। তাতে যদি লিখা থাকে মৌলিক কিছু দাবী তবে তা মানুষের কাছে পৌছে যায় সহজেই- এই ভাবনা থেকেই শুরু করেছিলেন ব্যাগ বানানো,ব্যাগের ডিজাইন করা। সেই ধারাবাহিকতায় রানা প্লাজা ট্র্যাজেডিকে স্মরণ করে ব্যাগ তৈরি করলেন সিলেটের অরূপ দাশ ও উজ্জ্বল চক্রবর্তী।

এর আগে তাঁরা ঐতিহ্যবাহী আলী আমজদের ঘড়িঘরের ১৪০ বছর পূর্তি উপলক্ষে ও দখলে-দূষণে বিপন্ন হওয়া সুরমা নদী নিয়ে ‘নদী বাঁচাও’ আহ্বানে ব্যাগ তৈরি করেছিলেন। ‘পোশাকশ্রমিক হত্যা বন্ধ কর’ স্লোগানে গাঢ় খয়েরি রঙের কাগজের ব্যাগের দুই পিঠে রক্তলাল ছাপচিত্রে একটি মুখ আঁকা হয়েছে। কঙ্কালের অবয়বের ওই মুখের এক পাশে ছোপ ছোপ রক্ত। নিকষ কালোর এ ছাপচিত্রে বোঝানো হয়েছে পোশাকশ্রমিকদের অবস্থা। এসব এঁকেছেন অরূপ দাশ, প্রচার করছেন উজ্জ্বল চক্রবর্তী।

সিলেটের নাট্য সংগঠন ‘নগরনাট’-এর সভাপতি অরূপ দাশ। অরূপ দাশ সিলেট টুডে ২৪ কে বলেন; রানা প্লাজায় নিহত পোশাক শ্রমিকদের প্রতি শ্রদ্ধা রেখে এই ব্যাগটির ডিজাইন একেছি। তিনি আরো বলেন, পোশাক শ্রমিকরা আজ নায্য মজুরি পায় না। তারা আজ বৈষম্যের শিকার। আমরা চাই পোশাক শ্রমিকরা যেন তার পরিশ্রমের নায্য মূল্য পায়।

ব্যাগের প্রচারক উজ্জ্বল একই নাট্যসংগঠনে সম্পৃক্ত থাকলেও পেশায় ব্যবসায়ী। রানা প্লাজা নিয়ে ব্যাগ তৈরি সম্পর্কে উজ্জ্বল বলেন, ‘নিজে সংস্কৃতি অনুরাগী হলেও ব্যবসাটা পোশাকের। তাই পোশাক কারখানার ঘটনায় আলোড়িত হয়েছি।’

২৪ এপ্রিল রানা প্লাজা ট্র্যাজেডি দিবসে আনুষ্ঠানিকভাবে ওই ব্যাগ উন্মোচন করা হবে বলে জানান অরূপ দাশ এবং উজ্জ্বল চক্রবর্তী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.