মাধবপুর প্রতিনিধি | ০৬ নভেম্বর, ২০১৬
হবিগঞ্জের মাধবপুর উপজেলার পৌর শহরের ব্লু-বার্ড নার্সারীর তানভীর নামে ৭ বছরের এক ছাত্রকে অপহরণ করে মুক্তিপণ চেয়েছে দুর্বৃত্তরা। রোববার বিকেলে শিশুর পিতা উপজেলার মুরাদপুর গ্রামের মাছুম মিয়া মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
শিশুটির পিতা মাছুম মিয়া জানান, শনিবার সকালে তার ভাগনে মোশাহিদ মিয়ার সঙ্গে শিশু তানভীর পৌরশহরের ব্লু-বার্ড কিন্ডার গার্টেনে পড়তে আসে। কিন্তু যথা সময়ে তানভীর ও মোশাহিদ বাড়িতে না যাওয়ায় তারা খোঁজাখুজি শুরু করেন। ওই দিন বেলা ৩টায় মোশাহিদের ব্যবহৃত মোবাইল ফোন থেকে অচেনা এক ব্যক্তি তানভীরের বাবার নিকট ৫ লাখ টাকা মুক্তিপণ চায়। তাৎক্ষণিক ৫০ হাজার টাকা বিকাশে প্রেরণ করতে নির্দেশ দেয়। কিন্তু মোশাহিদ তার মামা মাছুম মিয়ার সঙ্গে কোনো কথা বলে না। বর্তমানে মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। মোশাহিদ ও তানভীর তারা দুজনই কি অপহরণকারীর কবলে পড়েছে না কি মোশাহিদ তার মামাতো ভাই শিশু তানভীর অপহরণের সঙ্গে জড়িত এ নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে।
মাধবপুর থানার ওসি মোকতাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশু তানভীরকে উদ্ধারের জন্য পুলিশ কাজ করছে। এছাড়া শিশু উদ্ধারে র্যাবেরও সহযোগিতা চাওয়া হয়েছে।