Sylhet Today 24 PRINT

রিট খারিজ, বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনের বাধা কাটলো

শহরে আনন্দ মিছিল

সিলেটটুডে ডেস্ক |  ০৭ নভেম্বর, ২০১৬

কেটে গেলো বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনের সকল বাধা। সোমবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন বেঞ্চ পৌর প্রশাসক তফজ্জুল হোসেনের রিভিউ খারিজ করে দেওয়ার ফরে এই পৌরসভার নির্বাচন নিয়ে আর কোনো বাধা রইলো না।

এতে প্রায় ১৬ বছর পর বিয়ানীবাজার পৌরসভায় নির্বাচনের সম্ভাবনা দেখা দিয়েছে। সোমবার সংক্ষিপ্ত আদেশে প্রধান বিচারপতি সংশ্লিষ্টদের শীঘ্রই বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনের ব্যবস্থা করার নির্দেশ দেন। এদিকে, আদালতের এই আদেশে বিয়ানীবাজারে আনন্দ মিছিল করেছে পৌর বাসিন্দারা।

রিভিউ শুনানীতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেৃত্বাধীন ৫ সদস্যের এই বেঞ্চে ছিলেন বিচারপতি মো. আব্দুল ওয়াহাব মিয়া, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসাইন, বিচারপতি মো. ঈমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল এডভোকেট মাহবুবে আলম। বাদীপক্ষে ছিলেন এডভোকেট মাহবুব আলী।

বিগত ২০০১ সালে বিয়ানীবাজার সদর ইউনিয়নকে পৌরসভায় রূপান্তরিত করা হয়। এরপর তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পৌর প্রশাসকের দায়িত্ব দেয়া হলে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন সদর ইউপি চেয়ারম্যান তফজ্জুল হোসেন। তার আবেদনের প্রেক্ষিতে আদালত তফজ্জুল হোসেনকে প্রশাসকের দায়িত্ব দেন।

এরপর বিভিন্ন আইনি জটিলতায় এতদিন এখানকার নির্বাচন হয়নি। নির্বাচন আদায়ে স্থানীয় পৌরবাসী গত কয়েক বছর থেকে আন্দোলন করলেও বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় নির্বাচন কমিশন বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন আয়োজন করতে পারেন নি।

আদালতের রায় প্রসঙ্গে পৌর প্রশাসক তফজ্জুল হোসেন জানান, পূর্ণাঙ্গ রায় হাতে না পাওয়া পর্যন্ত পরবর্তী করণীয় নির্ধারণ করা যাচ্ছে না। পৌর নির্বাচন দাবি আদায় সংগ্রাম পরিষদের সদস্য সচিব নজরুল হোসেন বলেন, আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে।

এদিকে বিয়ানীবাজার পৌরসভার নির্বাচনী বাধা দূর হওয়ায় শহরের উত্তরবাজারে আনন্দ মিছিল বের করে স্থানীয় জনতা। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রফিক উদ্দিন তোতা, নজরুল হোসেন, আবু নাসের পিন্টু, ইসলাম উদ্দিন আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.