Sylhet Today 24 PRINT

সিলেটের তিন গ্যাসক্ষেত্র শেভরনের কাছ থেকে কিনতে চায় পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক |  ০৮ নভেম্বর, ২০১৬

সিলেটে শেভরন পরিচালিত তিনটি গ্যাসক্ষেত্রের স্বত্ব ক্রয়ের ব্যাপারে আগ্রহ দেখিয়ে প্রস্তাব দিয়েছে পেট্রোবাংলা। পেট্রোবাংলার এ প্রস্তাব অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৭ নভেম্বর) প্রধানমন্ত্রী এই অনুমোদন দেন বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, পেট্রোবাংলার আগ্রহের বিষয়টি শিগগিরই শেভরনকে জানানো হবে।
নসরুল হামিদ বলেন, পেট্রোবাংলা তথা সরকার শেভরনের স্বত্ব কিনলে যে অর্থ লাগবে, তা লগ্নি করার জন্য তিনটি আর্থিক কোম্পানি আগ্রহ দেখিয়েছে। এর মধ্যে একটি চীনের, একটি ভারতের ও অপরটি হংকংয়ের।

সম্প্রতি বাংলাদেশে ব্যবসা গুটিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করে শেভরন। এর অংশ হিসেবে নিজেদের নিয়ন্ত্রনে থাকা সিলেটের জালালাবাদ, হবিগঞ্জের বিবিয়ানা  ও মৌলভীবাজারের মৌলভীবাজার গ্যাসক্ষেত্র বিক্রির উদ্যোগ নেয় শেভরন। এই তিনটি গ্যাসক্ষেত্র কিনতে আগ্রহ প্রকাশ করে পেট্রোবাংলা। এবাং প্রধানমন্ত্রীও ক্রয় প্রক্রিয়ায় অংশ নেওয়ার অনুমতি দিলেন।

উৎপাদন অংশীদারত্ব চুক্তির (পিএসসি) আওতায় শেভরন হবিগঞ্জের বিবিয়ানা, সিলেটের জালালাবাদ ও মৌলভীবাজারের মৌলভীবাজার গ্যাসক্ষেত্র পরিচালনা করছে। শেভরন ১৯৯৮ সালে বিবিয়ানা এবং ১৯৯৯ সালে মৌলভীবাজার গ্যাসক্ষেত্র আবিষ্কার করে। এর মধ্যে বিবিয়ানায় ২০০৭ সালে এবং মৌলভীবাজারে ২০০৫ সালে উৎপাদন শুরু করে। ২০১৪ সালে বিবিয়ানায় সম্প্রসারণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। তাতে দৈনিক ৩০ কোটি ঘনফুট গ্যাসের উৎপাদন বাড়ে।

সূত্র : প্রথম আলো

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.