মাধবপুর প্রতিনিধি | ০৮ নভেম্বর, ২০১৬
মাধবপুর থেকে অপহৃত স্কুল ছাত্র তানভীর ৩ দিন পর কিশোরগঞ্জ শহরের একটি আবাসিক হোটেল থেকে মঙ্গলবার ভোর রাতে পুলিশ উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তানভীরের ফুফাতো ভাই মোশাহিদ (১৯) তার বন্ধু পলিটেকনিক্যাল কলেজের ছাত্র জাফর ইকবাল (২৫) ও আমির আলী (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকতাদির হোসেন জানান, গত ৫ নভেম্বর পৌর শহরের শ্যমলি পাড়ার এলাকার ব্লু বার্ড কিন্ডার গার্ডেনের নাসারি ছাত্র তানভীর আহাম্মেদ কে একটি অপহরণকারী চক্র অপহরণ করে নিয়ে আটকে রেখে মোবাইল ফোনে তার বাবার কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবী করে।
এ ঘটনায় অপহৃত তানভীরের বাবা উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মুরাদপুর গ্রামের মাছুম মিয়া থানায় একটি মামলা দায়ের করে। এ ঘটনায় সোমবার রাতে পশ্চিম মাধবপুরের একটি মেচ থেকে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক্যাল কলেজের ছাত্র চাদুপুর জেলার কচুয়া উপজেলার মাঝিগাছা গ্রামের জহিরুল ইসলামের ছেলে জাফর ইকবাল কে আটক করে । তার দেওয়া তথ্য মতে মামলার তদন্ত কর্মকর্তা (উপ- পরিদর্শক) মমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ আটক জাফর ইকবাল কে সঙ্গে নিয়ে কিশোরগঞ্জ পুলিশের সহযোগিতায় শহরের আঞ্জুমান আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে বন্দি অবস্থায় শিশু তানভীর ও অপহরণের মূল পরিকল্পনাকারী তানভীরের মামাত ভাই উপজেলার কুটানিয়া গ্রামের আলী হোসেনের পুত্র মোজাহিদ (১৯) ও একই উপজেলার রাজাপুর গ্রামের মহাম্মদ আলীর ছেলে আমির আলী (৩৫) কে হাতে নাতে গ্রেফতার করে।
শিশুর পিতা মাছুম জানান, তার ভাগিনা মোশাহিদ দীর্ঘ দিন যাবত তার বাড়িতে বসবাস করত। মোশাহিদ তানভীর কে স্কুলে নিয়ে যেত। টাকার লোভে পলিটেকনিক্যাল ছাত্র জাফর ইকবাল ও আমির আলীর সহযোগিতায় তানভীর কে অপহরণ করেছে। মোশাহিদ জঙ্গি তৎপরতায় জড়িত থাকার সন্দেহে হবিগঞ্জ বৈদ্য বাজারে পুলিশের হাতে আটক হয়েছিল। এছাড়া সে একজন পেশাদার অপরাধী।
এশাই মমিনুল ইসলাম জানান, দুপুরে হবিগঞ্জ বিচারিক আদালতে শিশু তানভীর কে হাজির করে জবানবন্দি রেকর্ড করা হয়েছে।