Sylhet Today 24 PRINT

ফুটপাতে মোটরবাইক উপদ্রব

দেবকল্যাণ ধর বাপন |  ০৮ নভেম্বর, ২০১৬

এমনিতেই অবৈধ ব্যবসায়ীদের দখলে চলে যাওয়ায় ফুটপাতে পা ফেলবার জো নেই। তার উপর নগরীর ফুটপাতের নতুন উপদ্রব হয়ে দেখা দিয়েছে মোটরবাইক। সড়কে যানজট লাগলেই তাড়াতাড়ি যাওয়ার জন্য ফুটপাত দিয়েই মোটরবাইক নিয়ে রওয়ানা দেন চালকরা। এতে ভোগান্তিতে পড়তে হয় পথচারীদের।
 
ফুটপাত দিয়ে মোটরবাইক চালানোর কারণে অনেক সময় ঘটছে দুর্ঘটনা।

২০১২ সালের ৫ মার্চ ফুটপাতে মোটরসাইকেল চলাচল করতে না দিতে পুলিশকে নির্দেশ দিয়েছিলেন উচ্চ আদালত।

গত রোববার চৌহাট্টা আলিয়া মাদ্রাসার সামনের ফুটপাত দিয়ে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন একটি বেসরকারি ব্যাংক কর্মকর্তা ইয়াসিন আহমদ। ফুটপাত দিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘জরুরী একটা কাজে যাচ্ছি। কিন্তু যানজটের কারণে অনেক দেরি হয়ে যাচ্ছে। যানজটে বসে থাকলে হয়তোবা কাজটাই হবে না। তাই একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য সহজ পথ অবলম্বন করলাম।’

তিনি আরো বলেন, ‘আর শুধু আমি কেন, পুলিশ ও আপনারা (সাংবাদিক) আইন ভাঙেন না? আপনারাও তো ফুটপাত দিয়ে চালান। কিন্তু আমরা সাধারণ বাইক চালকেরা চালালেই দোষ।’

নগরীর বিভিন্ন সড়কেই এখন লেগে থাকে যানজট। বিশেষত চৌহাট্টা এলাকায় যানজট সবচেয়ে তীব্র হয়। তাই এই এলাকার ফুটপাত দিয়ে মোটরবাইক চালানোর প্রবণতাও সবচেয়ে বেশি দেখা যায়।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (ট্রাফিক) নিকুলিন চাকমা সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফুটপাতের উপর দিয়ে যদি কেউ মোটরবাইক নিয়ে উঠেন তাহলে এটা বেআইনি। তবে আমাদের লোকবল সংকট থাকায় আমরা নিরুপায়। সবদিক খেয়াল রাখা সম্ভব হয় না। তারপরও বিষয়টি আমাদের চোখে পড়লে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

রোববার সিলেট মহিলা কলেজের সামনের ফুটপাত দিয়ে হেঁটে যাওয়া পথচারী সাবিনা ইসলাম বলেন, নগরীর অধিকাংশ এলাকায় চলাচলের জন্য ফুটপাতের ব্যবস্থা নাই। আর যে কয়টা রাস্তায় ফুটপাতের ব্যবস্থা আছে তা আবার চলাচলের অনুপযোগী। বেশিরভাগই হকারদের দখলে। তারউপর এখন ফুটপাতের উপর দিয়েই চলে মোটরবাইক। এই নতুন উপদ্রবের কারণে ফুটপাতে তো ওঠাই দায়।

তিনি বলেন, ফুটপাত দিয়ে হাঁটলেও এখন পেছন থেকে মোটরবাইক হর্ন বাজায়। আর যতক্ষণ সাইড না দেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত হর্ন বেজেই চলে। বিষয়টি খুবই বিরক্তিকর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.