Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

গোয়াইনঘাট প্রতিনিধি |  ০৯ নভেম্বর, ২০১৬

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাচ্চু মিয়া (৩৫) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বুধবার (৯ নভেম্বর) ভোরে উপজেলার সোনারহাট সীমান্তের ১২৬৮ মেইন পিলার সংলগ্ন ৬ নম্বর সাব পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বাচ্চু মিয়া উপজেলার পশ্চিম পান্তুমাই গ্রামের কুমিল্লা বস্তি এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৫টার দিকে বাচ্চু মিয়া সুপারী চুরি করতে ভারত সীমান্তের কাছে গেলে ভারতীয় খাসিয়ারা তাকে লক্ষ্য করে ছররা গুলি ছুঁড়ে। গুলিবিদ্ধ অবস্থায় নিজ বাড়িতে আসার পর বাচ্চু মিয়া মারা যান।

নিহতের মরদেহ উদ্ধার করেছে বিজিবি। মরদেহ ময়না তদন্তের জন্য গোয়াইনঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সালাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.