বিশ্বনাথ প্রতিনিধি | ০৯ নভেম্বর, ২০১৬
সিলেটের বিশ্বনাথ উপজেলার হরিপুর গ্রামের আহমদ রেজা ইদ্রিসের (৬১) বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী।
বুধবার (৯ নভেম্বর) বিকেলে প্রায় দুই যুগ ধরে ইদ্রিসের দায়ের করা মামলায় এলাকার ৮০ ভাগ মানুষকে হয়রানির প্রতিবাদে স্থানীয় ছহিফাগঞ্জ বাজারে এ প্রতিবাদ সভা করা হয়। বৃহত্তর ছহিফাগঞ্জ দুর্নীতি প্রতিরোধ সংগ্রাম পরিষদের ব্যানারে অনুষ্ঠিত সভায় ইদ্রিসকে সন্ত্রাসী ও মামলাবাজ আখ্যায়িত করা হয়। পাশাপাশি গণ স্বাক্ষর কর্মসূচিও পালন করেন এলাকাবাসী।
সভায় বক্তারা বলেন, সন্ত্রাসী ইদ্রিসের মামলা থেকে জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসনের কর্মকর্তা ও এলাকার নিরীহ লোকজনসহ কেউই রেহাই পাননি। তাই আইনশৃঙ্খলা রক্ষা ও এলাকায় শান্তি ফিরিয়ে আনতে মামলাবাজ ইদ্রিস ওরফে সোনাফুত’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার ও প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।
হরিপুর গ্রামের প্রবীণ মুরব্বি মাস্টার আজিজুর রহমানের সভাপতিত্বে ও কবি মোস্তাফিজুর রহমান চৌধুরীর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় নেতা কমরেড সিকন্দর আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- প্রবীণ সাংবাদিক তাজুল ইসলাম বাঙালী, বিশ্বনাথ প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও বিশ্বনাথ বার্তার সম্পাদক মোসাদ্দিক হোসেন সাজুল, মাধবপুর গ্রামের বিশিষ্ট মুরব্বি মুয়াজ্জিম আহমদ, সাবেক ইউপি সদস্য ছয়ফুল ইসলাম কবির, বর্তমান ইউপি সদস্য আব্দুল মতিন, বাবুল মিয়া, হরিপুর গ্রামের মাসুক মিয়া, রামপুর গ্রামের সাজিদুর রহমান, আলকাছ মিয়া ও হরিপুর গ্রামের মাসুক মিয়া।