Sylhet Today 24 PRINT

বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে আওয়ামী লীগই হবে চালিকা শক্তি : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ০৯ নভেম্বর, ২০১৬

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, যে কাজ আমরা সম্পন্ন করতে যাচ্ছি সে কাজ গুলো সম্পন্ন হলে আমাদের দেশ ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসাবে পরিণত হবে। বাংলাদেশ আওয়ামী লীগ হবে এই কাজের মূল চালিকা শক্তি। সেজন্য সকল ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসতে হবে। নবীন প্রজন্মকে বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাতা হিসাবে গড়ে তুলতে হবে। 

বুধবার (৯ নভেম্বর) সন্ধ্যায় সিলেটের জেলা পরিষদ মিলনায়তনে আগামী ২৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট আগমন উপলক্ষে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় শিক্ষামন্ত্রী আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ বিগত ৩টি কাউন্সিলে আমি দলের কাজে সম্পৃক্ত ছিলাম। আমি দলের কর্মি হিসাবেই সাড়া জীবন কাজ করে যাব জানিয়ে তিনি বলেন, সিলেটের প্রতি সম্মান প্রদর্শন করে মন্ত্রীদের মধ্য থেকে আমাকে প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে। এটা পাওয়ার যোগ্যতা আমার নেই। আমি সিলেটের জন্য প্রেসিডিয়াম মেম্বার নই কর্মী। আমার ভুলত্রুটি গুলো আপনারা আমাকে ধরিয়ে দিয়ে সহযোগিতা করবেন।

সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিনের পরিচালনায় কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দীন সিরাজ, কার্যনির্বাহী সদস্য বদর উদ্দিন আহমেদ কামরান।

কর্মী সভায় বক্তব্য রাখেন, সাংসদ ইমরান আহমেদ চৌধুরী, সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক। এ সময় জেলা ও মহানগর আওয়ামী লীগ সহ যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বিশেষ অতিথির বক্তব্যে বলেন, শেখ হাসিনার বিকল্প বাংলাদেশে নেই। জাতীয় ঐক্যের প্রতীক শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের বিশতম জাতীয় সম্মেলন মহামিলনে পরিণত হয়েছিল। জাতীয় সম্মেলনের পর সিলেটে আগামী ২৩ নভেম্বর শেখ হাসিনার আগমন উপলক্ষে বিশাল সমাবেশ সফল করতে ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের উনিশটি সংসদীয় আসনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে দলের নেতাকর্মীদের এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য বদর উদ্দিন আহমেদ কামরান বিশেষ অতিথির বক্তব্যে বলেন, হযরত শাহজালালের পবিত্র মাটি থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নতুন কমিটির কাজ শুরু করতে চান প্রধানমন্ত্রী। সিলেটকে প্রধানমন্ত্রী অন্যতম দুর্গ হিসেবে মনে করেন। প্রধানমন্ত্রীর সিলেটে আগমন উপলক্ষে আগামী ২৩ নভেম্বর আয়োজিত জনসভা সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.