Sylhet Today 24 PRINT

রেকর্ড চা উৎপাদনের সম্ভাবনা

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ১০ নভেম্বর, ২০১৬

চলতি মৌসুমে (২০১৬) দেশে চা উৎপাদনে সর্বকালের রেকর্ড ছাড়িয়ে যাবে। এবারের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে অতীতের সকল রেকর্ড ভেঙ্গে দেশে চা উৎপাদনে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে।

চা বিশেষজ্ঞরা বলছেন, এবারের অনুকূল পরিস্থিতির কারণে দেশের চা শিল্পের ১৬২ বছরের ইতিহাসে সর্বোচ্চ ৮০ মিলিয়ন কেজি চা উৎপাদন হবে। যা হবে দেশের চা শিল্পের জন্য নতুন রেকর্ড।

চা বোর্ড সূত্র বলছে, অনুকূল আবহাওয়া ও পরিবেশ, প্রয়োজনীয় বৃষ্টিপাত, সঠিক তাপমাত্রা, রেড স্পাইডারসহ পোকামাকড়ের আক্রমণ তেমন না থাকা ও খরার কবলে না পরার কারণে এবার দেশে বাম্পার চা উৎপাদন হয়েছে।

বাংলাদেশ চা বোর্ডের নিয়ন্ত্রণাধীন মৌলভীবাজারের নিউ সমনবাগ চা বাগানের জেনারেল ম্যানেজার মো. শাহজাহান আকন্দ নিশ্চিত করে বলেছেন, আগামী ৩১ ডিসেম্বর চলতি চা উৎপাদন মৌসুম শেষ হবে। বাকি সময়টুকু চা শিল্পে আবহাওয়াজনিত বিপর্যয়ের আর কোন আশংকা নেই। তাই নিশ্চিত করে বলা যায়, এবার দেশে সর্বকালের সর্বোচ্চ ৮০ মিলিয়ন কেজি চা উৎপাদন হবে। যা দেশের চা শিল্পের ইতিহাসে এবং ১৬২ বছরের মধ্যে সর্বোচ্চ।

তিনি আরো বলেন, গত চা উৎপাদন মৌসুমে (২০১৫) দেশে ৬৭.৩২ মিলিয়ন কেজি চা উৎপাদন করে রেকর্ড সৃষ্টি করেছিল চা শিল্প।

জেনারেল ম্যানেজার শাহজাহান আকন্দ আরো বলেন, গত ৩০ অক্টোবর পর্যন্ত দেশে গত বছরের তুলনায় ১ কোটি ৩০ লাখ কেজি চা উৎপাদন বেশি হয়েছে। তাই আগামী ৩১ ডিসেম্বর সমাপ্ত চলতি চা উৎপাদন মৌসুমে ৮০ মিলিয়ন কেজি চা উৎপাদনের ক্ষেত্রে আর কোন সন্দেহ নেই বরং সর্বোচ্চ ৮০ মিলিয়ন কেজি চা উৎপাদনের বিপুল সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়েছে।

শ্রীমঙ্গলে অবস্থিত আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র অবজারভার মো. হারুনুর রশিদ জানান, ১ জানুয়ারি থেকে ৯ নভেম্বর পর্যন্ত ২৪৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা  হয়েছে। যা চা শিল্পের জন্য খুবই ইতিবাচক হিসেবে দেখছেন চা বিশেষজ্ঞরা। এ বৃষ্টিপাতকে তারা চা শিল্পের জন্য আশীর্বাদ হিসেবেও আখ্যা দিয়েছেন। এদিকে ২০১৫ সালে শ্রীমঙ্গলে রেকর্ড হয়েছিল ২৫০১ মিলিমিটার বৃষ্টিপাত।

এবার সর্বোচ্চ চা উৎপাদনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে এই কর্মকর্তা আরো বলেন, অনুকূল আবহাওয়া ছাড়াও চা জমির সম্প্রসারণ, আনুষঙ্গিক সরঞ্জামাদির পর্যাপ্ততা, সময়মত সার ও কীটনাশক প্রাপ্তি, চা বোর্ডের নজরদারি ও ক্লোন চা গাছের ব্যবহার বৃদ্ধি প্রভৃতি কারণে এবার সর্বোচ্চ চা উৎপাদন হতে যাচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.