Sylhet Today 24 PRINT

মাধবপুরে মাদ্রাসার কমিটি নিয়ে দ্বন্দ্বে মুখোমুখি দুই পক্ষ

মাধবপুর প্রতিনিধি |  ১০ নভেম্বর, ২০১৬

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মাদারগড়া হযরত বিলাল (রা:) হাফিজিয়া মাদ্রাসা ও মসজিদের ব্যবস্থাপনা কমিটির দ্বন্দ্বে দুপক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছেন।

এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষই আদালতে নিষেধাজ্ঞা চেয়ে ১৪৪ ধারা জারির আবেদন করেছেন। যে কোন সময় এ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে।

মাদ্রাসার পরিচালনার কমিটির সভাপতি দাবি করে নাজিম উদ্দিন বলেন এলাকাবাসীর সহযোগিতায় মাদ্রাসায় হেফজ পড়াশোনা চলছে। সম্প্রতি মসজিদের উন্নয়ন করতে গেলে মাওলানা ইয়াছিনুল ইসলাম ও তার ভাই জহিরুল ইসলাম উন্নয়ন কাজে বাধা দিয়ে মাদ্রাসার সভাপতি ও শিক্ষক হাফেজ ইদ্রিস আলমের বিরুদ্ধে আদালতে দুটি মামলা দায়ের করেছে। এ কারণে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এলাকাবাসীর সিদ্ধান্তে মসজিদের রাস্তা তৈরি করতে গেলে তাদের বাধার মুখে তা করা সম্ভব হচ্ছে না।

এ ব্যাপারে মাদারগড়া মসজিদ, মাদ্রাসা, মাজার ও খানকা শরিফের মোতোয়ালী দাবি করে হাজী ইয়াছিনুল হক বলেন, তার পিতা ইদ্রিস আলী মুন্সি ৪ শতক জমি ক্রয় করে মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। আমার পিতার ওছিয়ত মতে আমি এ প্রতিষ্ঠানের একজন বৈধ মোতায়ালী। কিন্তু নাজিম উদ্দিন শাহ ও হাফেজ ইদ্রিস আলম কিছু লোকের প্ররোচনায় মসজিদ-মাদ্রাসা, মাজার, খানকা শরিফের জমির মালিকানা পরিবর্তন করার চেষ্টা করছে। এ ঘটনায় তিনি আদালতে মামলা করেছেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকতাদির হোসেন জানান, উভয় পক্ষই নিষেধাজ্ঞা চেয়ে আদালতে মামলা করায় তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মীর্জা মাহমুদুল করিম উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে আদালতের নির্দেশে নোটিশ দিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.