Sylhet Today 24 PRINT

‘মানুষকে সাংস্কৃতিক আন্দোলনে উদ্ধুব্ধ করার কাজ করছে উদীচী’

নিজস্ব প্রতিবেদক |  ১০ নভেম্বর, ২০১৬

মানুষকে সাংস্কৃতিক আন্দোলনে উদ্বুদ্ধ করার ব্রত নিয়ে কাজ করে চলেছে উদীচী। গান, নাটক, নৃত্যকলা নিয়ে শোষণমুক্ত সমাজ গড়ে তুলতে উদীচী কর্মীরা বজ্র কঠিন শপথে দীর্ঘ পথ পরিক্রমার মধ্য দিয়ে এগিয়ে চলেছে। কুসংস্কার, সাম্প্রদায়িকতা, গোষ্ঠীতন্ত্রের বিরুদ্ধে মানুষকে জাগিয়ে তোলার কাজে পালন করেছে অগ্রণী ভূমিকা।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর সিলেট জেলা শাখার ষোড়শ জেলা সম্মেলন ও ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামের মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ও উদীচী সিলেটের সাবেক সভাপতি এডভোকেট তবারক হোসেইন উপরোক্ত কথাগুলো বলেন।

এ সময় তিনি আরো বলেন, দেশে যখন পরিবেশ ধ্বংস করে রামপাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র প্রতিষ্ঠার চেষ্টা চলছে, তখন সমস্ত শক্তি নিয়ে উদীচী কর্মীরা রাস্তার নেমেছেন। ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দুদের উপর নির্যাতন, গাইবান্ধায় সাঁওতালদের উপর হামলা চালানোর প্রতিবাদে সামিল হয়েছেন উদীচী কর্মীরা।

'কণ্ঠে মোদের কুণ্ঠাবিহীন নিত্যকালের ডাক' স্লোগানে দুইদিন ব্যাপী উদীচী জেলা সম্মেলন জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয়। উদ্বোধন শেষ অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে অডিটোরিয়ামের মূলমঞ্চে এসে শেষ হয়। পরে অডিটোরিয়াম মঞ্চে আয়োজিত আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডঃ মোঃ সালেহ উদ্দিন।

আলোচনা শেষে গান ও নাটক পরিবেশন করে উদীচী শিল্পী গোষ্ঠী সিলেট জেলা সংসদ ও লাক্কাতুরা, আবৃত্তি পরিবেশন করে স্তবক, নৃত্য পরিবেশন করে শিল্পাঙ্গন, গণসংগীত পরিবেশন করেন শিল্পী অংশুমান দত্ত অঞ্জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.