জগন্নাথপুর প্রতিনিধি | ১১ নভেম্বর, ২০১৬
লোককবি রাধারমণ দত্তের ১০১তম প্রয়াণ দিবস জন্মভূমি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুরে বৃহস্পতিবার (১০ নভেম্বর) পালিত হয়েছে। প্রয়াণ দিবস উপলক্ষে কেশবপুর বাজারে গ্রামীণ মেলা বসে।
১০১তম প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় রাধারমণ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদ।
রাধারমণ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি রাজা মিয়া’র সভাপতিত্বে এবং ছাত্রনেতা রুমেন আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি আকমল হোসেন।
মুখ্য আলোচকের বক্তব্য রাখেন লোক-গবেষক মুক্তিযোদ্ধা আ.ত.ম সালেহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ, জগন্নাথপুর পৌরসভার মেয়র ও উপজেলা আ.লীগের সহ-সভাপতি আব্দুল মনাফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মোক্তাদির আহমদ মুক্তা, জগন্নাথপুর পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর দিলোয়ার হোসাইন।
স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর ও রাধারমণ সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক তাজিবুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে কেশবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিল্পীদের কণ্ঠে রাধারমণ দত্তের জনপ্রিয় গানগুলো পরিবেশন করা হয়।
উল্লেখ্য, রাধারমণ দত্ত ৮২ বছর বয়সে ১৩২২ বঙ্গাব্দের ২৬ কার্তিক মৃত্যুবরণ করেন।