Sylhet Today 24 PRINT

সুবিদবাজারে ছুরিকাঘাতে যুবক খুন

নিজস্ব প্রতিবেদক |  ১১ নভেম্বর, ২০১৬

সিলেট নগরীর সুবিদবাজারে রাজিকুল ইসলাম রাজু (৩০) নামের এক যুবককে খুন করেছে দুর্বৃত্তরা। নিহত রাজু বিশ্বনাথ সোনাপুর গ্রামের মৃত মৃত তেরাব আলীর ছেলে। তিনি পেশায় নির্মাণ শ্রমিক।

শুক্রবার (১১ নভেম্বর ) বিকেল ৫টায় এ ঘটনাটি ঘটে।

রাজু সিলেট নগরীর বনকলাপাড়া এলাকার ৪২/১৭ নং বাসায় বসবাস করতেন। রাজু তার মামা আরশ আলীর সাথে ওই বাসায় বসবাস করে সিলেট নগরীতে রাজমিস্ত্রির কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নগরীর সুবিদবাজারস্থ সিলভার স্টার মার্কেটের একটি ফার্মেসীতে ঔষধ নিয়ে আসার জন্য শুক্রবার বিকেলে বাসা থেকে বের হন। ফার্মেসীর সামনে আসামাত্রই পেছন থেকে মোটরসাইকেল যোগে কয়েকজন যুবক রাজুর শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পর স্থানীয়রা রাজুকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৫টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

রাজুর বড় ভাই তাজুল ইসলাম জানান, কে বা কারা রাজুকে হত্যা করেছে তা জানা নেই। সে দীর্ঘদিন থেকে বনকলাপাড়া এলাকায় মামার সাথে বসবাস করে সিলেটে রাজমিস্ত্রির কাজ করে আসছে। ৪ ভাই ও ২ বোনের মধ্যে রাজু সবার ছোট।

এ ব্যাপারে সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ জানান, তর্কাতর্কির জের ধরে রাজুকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তবে কি কারণে তর্কাতর্কি কিংবা কারা হত্যা করেছে তা এখনো জানা যায় নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.