Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে দুই নৌকার সংঘর্ষে বালু শ্রমিক নিহত

গোয়াইনঘাট প্রতিনিধি |  ১২ নভেম্বর, ২০১৬

সিলেটের গোয়াইনঘাটে দুই নৌকার মুখোমুখি সংঘর্ষে এক বালু শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (১২ নভেম্বর) ভোরে উপজেলার চেঙ্গেরখাল নদীর জলুরমুখ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সেবুল (২২) সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের জৈনকারকান্দি গ্রামের ময়না মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোরে বালু বোঝাই একটি নৌকা বিপরীত দিক থেকে আসা খালি আরেকটি নৌকাকে ধাক্কা দেয়। এ সময় সেবুল নদীতে পড়ে গেলে উভয় নৌকার মাঝে চাপা পড়ে ঘটনাস্থলেই সে নিহত হয়।

খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অপর নৌকার চালকসহ পুলিশ ৫ ব্যক্তিকে আটক করেছে। আটক ব্যক্তিরা হচ্ছেন- মনির হোসেন, সিরাজ মিয়া, আবুল কালাম, হারিছ মিয়া ও জাকির মিয়া।

গোয়াইনঘাট থানার ওসি মো. দেলওয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.