Sylhet Today 24 PRINT

জিন্দাবাজারে ছিনতাইয়ের চেষ্টা, জনতার প্রতিরোধ

নিজস্ব প্রতিবেদক |  ১৩ নভেম্বর, ২০১৬

সিলেট নগরীর জিন্দাবাজারে এক কয়লা ব্যবসায়ীর টাকা ছিনতাইকালে জনতার প্রতিরোধের মুখে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

রবিবার (১৩ নভেম্বর) বিকাল ৪ টায় এই ঘটনাটি ঘটে জিন্দাবাজারের কাজী ইলিয়াস গলির মুখে।

প্রত্যক্ষদর্শীদের মতে, ৩টি মোটর সাইকেল নিয়ে ফাহিম আহমদ নামের এক কয়লা ব্যবসায়ীকে ৮-৯ জন যুবক ঘিরে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় ব্যবসায়ী চিৎকার করলে আশেপাশের দোকানের ব্যবসায়ীরা ও পথচারীরা আসলে তাদের প্রতিরোধের মুখে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

এ সময় ছিনতাইকারীরা ২টি মোটর সাইকেল ফেলে যায়। এদের মধ্যে ১টি লাল রংয়ের পালসার (সিলেট ল ১১-৮৮৬৬) আর আরেকটি নীল রংয়ের ডিসকভার (সিলেট ল ১১-৬৪৯৩)। উত্তেজিত জনতা মোটর সাইকেল ২ টি ভাঙচুরের চেষ্টা করে।

কয়লা ব্যবসায়ী ফাহিম আহমদের ভাই জসিম আহমদ সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ফাহিম আম্বরখানা থেকে ৪ লাখ টাকা নিয়ে সোবহানীঘাট যাওয়ার পথে তার মোটর সাইকেল রোধ করে ছিনতাইকারীরা। এ সময় সে চিৎকার করলে আশেপাশের ব্যবসায়ীরা ছিনতাইকারীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।

খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মোটর সাইকেল ২টি থানায় নিয়ে যায়।

কোতোয়ালী থানার ওসি সোহেল আহমদ সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকমকে বলেন, টাকা ছিনতাই করার চেষ্টা করা হলেও ছিনতাইকারীরা তা করতে পারে নি। তবে ২ টি মোটর সাইকেল জব্দ করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.