Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলের কালীঘাট ইউনিয়নে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ১৩ নভেম্বর, ২০১৬

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ৮নং কালীঘাট ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ নভেম্বর) দুপুরে কালীঘাট ইউনিয়ন জন মিলনায়তন কেন্দ্রে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে তহিরুল ইসলাম মিলন এর সঞ্চালনায় উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি।

এতে বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জিল্লুল আনাম চৌধুরী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবাল, প্রচার সম্পাদক হুমায়ুন কবির, যুব ও ক্রীড়া সম্পাদক এনাম হোসেন চৌধুরী, সহ দপ্তর সম্পাদক মামুন আহমেদ, যুবলীগ সভাপতি বেলায়েত হোসেন, ছাত্রলীগ সভাপতি মোমিনুল হোসেন সুহেল, মোশারফ হোসেন, যুবলীগ নেতা বদরুল আলম শিপলু, মো. বদরুজজামান সেলিম, সাকের আহমদ টিপু, মো. আব্দুল হাসিম প্রমুখ।

সভায় বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা যেমন এ দেশের নাগরিক হতে পারতাম না, ঠিক তেমনি আমাদের প্রাণের নেতা পাঁচ বারের সংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি'র জন্ম না হলে আমরা অবহেলিত থাকতাম। আজ আমরা চা শ্রমিকরা আমাদের সন্তানদের লেখাপড়া করিয়ে শিক্ষিত বানাতে পারতেছি। আমরা অবাক হয়ে দেখি আমাদের নেতা সাবেক চিফ হুইপ আমাদের সব খবর রাখেন। বিদ্যুতের আলোয় আলোকিত আমাদের বাগান, রাস্তাঘাট। স্কুলে আমাদের বাগানের ছেলে মেয়েরা আজ পাঠদান করাচ্ছে সরকারিভাবে। এটা সম্ভব হয়েছে আমাদের জনদরদি এই নেতার জন্য।

এখন আমরা পাকারাস্তা, ভিজিএফ, বয়স্কভাতা, বিধবাভাতা, বিনামূল্য চাল এবং ১০ টাকা করে চাল পাচ্ছি। আমরা সব সময় নৌকা মার্কা এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন, আমাদের অভিভাবক সাবেক চিফ হুইপ এর সাথে আছি এবং থাকব।

প্রধান অতিথির বক্তব্য সাবেক চিফ হুইপ বলেন, যারা আগুন দিয়ে বোমা মেরে মানুষ পুড়িয়ে মেরেছে এবং দেশের জনগণের প্রতি যাদের কোন দয়ামায়া নাই বিদেশিদের কাছে ধরনা দিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের প্রতি আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। আমরা আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক উন্নয়নের জন্য কাজ করছি। আমরা দেশকে নিম্ন মধ্যম আয়ের দেশে নিয়ে গেছি এখন মধ্যম আয়ের দেশে নিয়ে যাওয়া জন্য কাজ করছি। ইনশাল্লাহ আগামী ২০১৯ সালের মধ্যে আমরা দেশকে এই জায়গায় নিয়ে যাবো আমাদের নেত্রীর পরিকল্পনা মোতাবেক। আপনারা আমাদের সাথে থাকবেন। আগামীর নতুন এই ইউনিয়ন কমিটি যারাই আসবেন সবাই মিলেমিশে কাজ করবেন।

এরপর দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলর মতামতের ভিত্তিতে হাউজের কণ্ঠ ভোটে বর্তমান সভাপতি রাধাকান্ত তাঁতীকে পুনরায় সভাপতি, রামদয়াল গোয়ালাকে সাধারণ সম্পাদক, জগাই রাজবংশীকে সাংগঠনিক সম্পাদক, সুধীর চাষাকে কোষাধ্যক্ষ, ভীরুকে তাঁতী সদস্য, প্রনেশ গোয়ালাকে চেয়ারম্যান সদস্য করে তিন বছরের জন্য একটি নতুন কমিটি ঘোষণা করেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ মান্নান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.