Sylhet Today 24 PRINT

সিলেটে ১২ বছর পর হত্যা মামলার রায়, একজনের ফাঁসি

নিজস্ব প্রতিবেদক |  ১৪ নভেম্বর, ২০১৬

সিলেটে জাহাঙ্গির আলম (১৮) নামে এক তরুণকে হত্যার দায়ে একজনের ফাঁসি ও সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা সোমবার (১৪ নভেম্বর) দুপুরে এই রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত আসামী শরিফ উদ্দিন (৩৫) সিলেট নগরীর কলবাখানি এলাকার বাসিন্দা। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ওই মামলার অপর ৭ আসামিরা হলেন- ইকবাল মিয়া, গুলজার, কালাম মিয়া, রাজ্জাক, নয়ন ওরফে রিপন, জলিল মিয়া ও হাসান মিয়া।

আদালত সূত্রে জানা যায়, ২০০৪ সালের ১ অক্টোবর নগরীর গোয়াইপাড়া এলাকার বাসিন্দা ফরিদ মিয়ার ছেলে জাহাঙ্গীর আলমকে তার বাসা থেকে আসামীরা ডেকে নিয়ে পার্শ্ববর্তী দলদলি চা বাগানে নিয়ে গলা কেটে হত্যা করে। তৎকালীন কোতোয়ালি থানায় (বর্তমান বিমানবন্দর) নিহতের পিতা বাদি হয়ে ৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে এই মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক আবু আবদুল্লাহ ২০০৫ সালের ৩১ জানুয়ারি ওই ৮ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। ২০০৭ সালের ২৫ ফেব্রুয়ারী আদালতে অভিযোগ গঠনের পর বিচার প্রক্রিয়া শুরু হয়। মামলার মোট ৩১ সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত সোমবার এ রায় দেন। ঘটনার ১২ বছর পর এ রায় ঘোষণা করা হলো।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউট (পিপি) এডভোকেট মফুর আলী ও আসামীপক্ষে এডভোকেট আয়শা বেগম সেলি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.