নিজস্ব প্রতিবেদক | ১৬ নভেম্বর, ২০১৬
নগরীর দর্শন দেউড়ি এলাকায় আজ সকালে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বুধবার (১৬ নভেম্বর) ভোর ৬.১১ মিনিটে এ ঘটনা ঘটে। ছিনতাইকালে তারা দেশিয় অস্ত্রের মুখে নারীর গলা থেকে সোনার চেইন, হাতের চুড়ি আর সাথে থাকা নগদ টাকা নিয়ে পালিয়েছে।
এই ছিনতাইয়ের দৃশ্য ধরা পড়েছে স্থানীয় কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদীর এলাকাজুড়ে বসানো সিসি ক্যামেরায়।
বিষয়টি সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করে কাউন্সিলর লোদী জানান, দর্শনদেউড়ির ঘূর্ণি আবাসিক এলাকার ১৫নং বাসার মুহিবুর রহমানের স্ত্রী জেসমিন নাহার তার নাতনিকে নিয়ে আম্বরখানা শিশু স্কুলে যাওয়ার পথে এ ঘটনা ঘটে ।
তিনি আরো বলেন, জেসমিন নাহার গার্লস স্কুলের সামনে যাওয়া মাত্রই মোটরসাইকেলে করে আসা দুই ছিনতাইকারী তার পথরোধ করে এবং তার সাথে থাকা সোনার চেইন, চুড়ি এবং কিছু টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। যা ওই এলাকায় লাগানো প্রত্যেক সিসি ক্যামেরায় ধরা পড়েছে।
ঘটনার পরপরই খবর পেয়ে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন উল্লেখ করে বলেন, সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। বিমানবন্দর থানা পুলিশের একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করেছে। দ্রুত ছিনতাইকারীদের সনাক্ত করে ধরা সম্ভব হবে বলে জানান তিনি।
এছাড়া প্রায়শই সকালে ওই এলাকায় ছিনতাইর ঘটনা ঘটে। তাই সকাল ৬ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত মর্নিং শিফটের স্কুলগামী শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপত্তার স্বার্থে এলাকায় পুলিশি টহল জোরদার করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।