Sylhet Today 24 PRINT

পর্যটন শিল্পের বিকাশ বদলে দিতে পারে শ্রীমঙ্গলের অর্থনীতি

সৌরভ আদিত্য, শ্রীমঙ্গল  |  ১৬ নভেম্বর, ২০১৬

পর্যটনের অপার সম্ভাবনাময় স্থান মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা। এ খাতের দিকে নজর দিলে বদলে যেতে পারে শ্রীমঙ্গলের অর্থনীতি। শ্রীমঙ্গল গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে দেশের অর্থনীতির বিকাশে।

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি শ্রীমঙ্গলের পরিচিতি এখন বিশ্বব্যাপী। চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে প্রতিদিনই দেশি-বিদেশি পর্যটকের পদভারে থাকে মুখরিত। হাজার হাজার পর্যটক চা বাগানের আকর্ষনে এখানে ছুটে আসেন।

খাসিয়াপুঞ্জি ও তাদের পানের বরজ, লাউয়াছড়া জাতীয় উদ্যান, চা বাগান, মনিপুরি পাড়া, মনিপুরি তাঁত শিল্প, ডিনস্টন সিমেট্রি, চা জাদুঘর, বিটিআরআই, নির্মাই শিববাড়ি, বার্ণিশ টিলা, গলফ ফিল্ড, পাখি বাড়ি, বণ্যপ্রানী সেবা ফাউন্ডেশন, চা বাগানের লেক, চা-কন্যা ভাস্কর্য, বধ্যভূমি ৭১, টিপড়া পল্লী, গারো পল্লী, টি রিসোর্ট, লালমাটি পাহাড়, বাদুড় বাড়ি, লেবু, আনারস, রাবার বাগান- এ রকম অসংখ্য দর্শনীয় ও পর্যটন স্পট রয়েছে শ্রীমঙ্গলে। সব মিলিয়ে দেশের অনন্য এক পর্যটন স্থান শ্রীমঙ্গল।

কিন্তু সরকারি-বেসরকারি পর্যাপ্ত উদ্যোগের অভাবে এ শিল্পের তেমন বিকাশ ঘটছে না। শ্রীমঙ্গলে এ শিল্পের বিকাশ ঘটানো গেলে এখানকার আর্থ-সামাজিক অবস্থার আমুল পরিবর্তন হতো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অবশ্য পর্যটকদের কথা মাথায় রেখে বেসরকারি উদ্যোগে এখানে গড়ে উঠেছে শতাধিক হোটেল, রিসোর্ট, বাংলো ও কটেজ। বেসরকারি উদ্যোগে প্রায় ২২৫ কোটি টাকা ব্যয়ে এখানে পাঁচ তারকা মানের হোটেল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ ক্লাব গড়ে উঠেছে।

তবে এখানে নেই কোনো পর্যটন মোটেল। নেই পর্যটন কর্পোরেশনের কোন তথ্যকেন্দ্র। পর্যটন মোটেলের কাজ শুরু হলেও অজ্ঞাত কারণে দীর্ঘদিন ধরে এর কাজ থেমে আছে। দেশের অন্যতম পর্যটন কেন্দ্র হওয়ায় প্রতিদিন হাজারো দেশি-বিদেশি পর্যটক বেড়াতে আসেন শ্রীমঙ্গলে। কিন্তু তথ্যকেন্দ্র না থাকায় বিপাকে পড়েন অনেকেই।

সারাদেশের সাথে উন্নত যোগাযোগ ব্যবস্থা রয়েছে শ্রীমঙ্গলের। রেল ও সড়কপথে উন্নত যোগোযোগের কারনেও প্রতিদিন ভিড় করেন পর্যটকরা শ্রীমঙ্গলে। কিন্তু অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও উদ্যোগের অভাবে শ্রীমঙ্গলে এখনো আশানুরুপ পর্যটন শিল্পের বিকাশ ঘটছে না। বিপুল সম্ভাবনা থাকা সত্বেও কেবল সুষ্ঠু পরিকল্পনা, বিভিন্ন খাতের উন্নয়ন, পর্যটন কর্পোরেশনের অবহেলার কারনে পর্যাপ্ত পর্যটক আকৃষ্ট করা যাচ্ছে না।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিকতা ও উদ্যোগই বদলে দিতে পারে পর্যটনের অপার সম্ভাবনা শ্রীমঙ্গলকে। সেই সাথে বদলে দিতে পারে শ্রীমঙ্গলের তথা দেশের অর্থনীতিকেও।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.