Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে বাংলা নববর্ষ উদযাপিত

সুনামগঞ্জ সংবাদদাতা |  ১৪ এপ্রিল, ২০১৫

নানা আয়োজনে সুনামগঞ্জে উদযাপিত হলো বাংলা নববর্ষের প্রথম দিনটি। এ দিনকে কেন্দ্র করে পুরো সুনামগঞ্জ ছিল বর্ণিল সাজে সজ্জ্বিত, উদযাপিত হয়েছে বিভিন্ন অনুষ্ঠান।

মঙ্গলবার ১৪২২ বঙ্গাব্দের প্রথম দিন পহেলা বৈশাখের দিনটিকে বরণ করে নিতে সকাল ৮টায় সুনামগঞ্জে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। আয়োজনে জেলা প্রশাসন। অংশ নিয়েছেন প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে সকল শ্রেণী-পেশার মানুষ।

সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়। অংশ নেন সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ শামসুন্নাহার বেগম শাহানা, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার হারুন অর রশীদ, পৌরসভার মেয়র আয়ুব বখত জগলুল, জেলা চেম্বারের সভাপতি খায়রুল হুদা চপলসহ, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণীর মানুষ।

হাতি, ঘোড়া, ফেস্টুন, ব্যানার, কারো কাঁধে লাঙ্গল, সবমিলিয়ে নানারঙের সমারোহে বর্ণিল এক আয়োজন। সবাই স্বতঃস্ফূর্ত, উচ্ছ্বাসিত। নতুন বছর এসেছে অনেক আনন্দের বার্তা নিয়ে!

শোভাযাত্রাটি শহরের মূল সড়কগুলো ঘুরে এসে আবার সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সামনে বৈশাখী মেলায় এসে শেষ হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.