Sylhet Today 24 PRINT

নারীর স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের দৃশ্য ধরা পড়লো সিসি ক্যামেরায়

নিজস্ব প্রতিবেদক |  ১৭ নভেম্বর, ২০১৬

সিলেট নগরীর দর্শন দেউড়ি এলাকা থেকে এক নারীর স্বর্ণালংকার ও টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। বুধবার ভোর সোয়া ৬ টার দিকে এ ঘটনা ঘটে।

ছিনতাইকারীরা দেশিয় অস্ত্রের মুখে নারীর গলা থেকে সোনার চেইন, হাতের চুড়ি আর সাথে থাকা নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।

এই ছিনতাইয়ের দৃশ্য ধরা পড়েছে স্থানীয় কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদীর এলাকাজুড়ে বসানো সিসি ক্যামেরায়।

বিষয়টি নিশ্চিত করে কাউন্সিলর লোদী জানান, দর্শন দেউড়ির ঘূর্ণি আবাসিক এলাকার ১৫নং বাসার মুহিবুর রহমানের স্ত্রী জেসমিন নাহার তার নাতনিকে নিয়ে আম্বরখানা শিশু স্কুলে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

তিনি আরো বলেন, জেসমিন নাহার গার্লস স্কুলের সামনে যাওয়া মাত্রই মোটরসাইকেলে করে আসা দুই ছিনতাইকারী তার পথরোধ করে এবং তার সাথে থাকা সোনার চেইন, চুড়ি এবং কিছু টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। যা ওই এলাকায় লাগানো প্রত্যেক সিসি ক্যামেরায় ধরা পড়েছে।

ঘটনার পরপরই খবর পেয়ে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন উল্লেখ করে বলেন, সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। এয়ারপোর্ট থানা পুলিশের একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করেছে। দ্রুত ছিনতাইকারীদের সনাক্ত করে ধরা সম্ভব হবে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.