Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ২জন আহত

ওসমানীনগর প্রতিনিধি |  ১৯ নভেম্বর, ২০১৬

সিলেটের ওসমানীনগরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ব্যবসায়ী হাবিবুর রহমান ও তার ছোট ভাই এরশাদুর রহমান আহত হয়েছেন। তারা উপজেলার গোয়ালাবাজারের মৃত রফিক মিয়ার ছেলে। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে করনসীরোড এলাকায় ঘটনাটি ঘটে।

জানা যায়, কিছুদিন পূর্বে আহত হাবিবুর রহমানের বাসার সড়কের পাশে বিশাল খাল খনন করে পাশ্ববর্তী জায়গার মালিকের কেয়ারটেকার কাওছার। খাল খননের কারণে সড়ক, কাঁটাতারের বেড়া এবং বিদ্যুতের খুঁটি ধ্বসে পড়ে। বিষয়টি নিয়ে উভয়পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এবিষয়ে হাবিবুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে লিখিত অভিযোগ করেন। শনিবার সকালে কাওছারের লোকজন ঐ জায়গা থেকে মাটি নিচ্ছিল। ঘুম থেকে উঠে হাবিবুর রহমান ও তার ভাই এরশাদ মাটি নিতে দেখে নিষেধ করলে কাওছার ও তার ছেলে আকবর সাথে থাকা চাকু দিয়ে অতর্কিত হামলা চালিয়ে দুই ভাইকে গুরুতর আহত করে।

ওসমানীনগর থানার ওসি আবদুল আউয়াল চৌধুরী বলেন, ঘটনাটি শুনেছি, এব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.