Sylhet Today 24 PRINT

ডিসি অফিসের গাড়িতে ফেন্সিডিল পাচার, চালক রুমনকে বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক |  ১৫ এপ্রিল, ২০১৫

ফেন্সিডিল পাচারকালে আটক সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের গাড়ি চালক রুমন মিয়াকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন।

বুধবার তাকে বরখাস্ত করা হয় বলে জানিয়েছেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল হক।

মঙ্গলবার রাতে নগরীর শিবগঞ্জ এলাকা থেকে সরকারি গাড়িতে করে ফেনসিডিল পাচারের সময় রুমনকে আটক করে র‌্যাব-৯ এর সদস্যরা। এময় গাড়ি থেকে ৩৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গাড়িটিও জব্দ করে র‌্যাব। জব্দকৃত গাড়িটি জেলা প্রশাসক শহিদুল ইসলামের স্ত্রী ব্যবহার করতেন বলে জানা গেছে।

অতিরিক্ত জেলা প্রশসক নুরুল হক জানান, রুমন মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

এদিকে আটককৃত রুমনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বৃধবার তাকে শাহপরাণ থানায় হস্তান্তর করেছে র‌্যাব। রূমন মিয়া (২৭) হবিগঞ্জের শাহজিবাজারের ইব্রাহিম মিয়ার ছেড়ে ।

মঙ্গলবার রাতে রুমন মিয়াকে আটকের পর র‌্যাব-৯ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, দীর্ঘ দিন ধরে একটি সরকারি গাড়ি দিয়ে ফেনসিডিল আনা-নেওয়া হচ্ছে ।

“আজ রাত সাড়ে ৮ টার দিকে রূমন মিয়া সার্কিট হাউজ থেকে গাড়ি নিয়ে উপশহরে যাওয়ার পথে শিবগঞ্জ এলাকায় গাড়ি তল্লাশি করে ৩৭৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়।”

রুমন দুই বছর ধরে ফেনসিডিল পাচার করে আসছিল বলে র‌্যাবের কাছে স্বীকার করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.