Sylhet Today 24 PRINT

রাজনগরে সিরাজ হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

মৌলভীবাজার প্রতিনিধি  |  ২১ নভেম্বর, ২০১৬

মৌলভীবাজারের রাজনগরের চাঞ্চল্যকর সিরাজ হত্যা মামলার রায়ে কয়েছ মিয়া ও আব্দুল হান্নানের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন জেলা জজ আদালত। রায়ে একই মামলায় জামিনে থাকা অপর দুইজন আমির মিয়া ও সেলিম মিয়াকে বেকসুর খালাস প্রদান করেছেন আদালত।


সোমবার (২১নভেম্বর) মৌলভীবাজারের জেলা ও দায়রা জজ সফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন। সরকার পক্ষে চাঞ্চল্যকর এ মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউট (পিপি) অ্যাডভোকেট এএসএম আজাদুর রহমান।

আদালত সূত্রে জানা গেছে, জেলার রাজনগর উপজেলার হায়পুর উত্তরভাগ গ্রামের আকদ্দছ আলীর ছেলে সিরাজ উদ্দিনকে (৩২) ২০০৫ সালের ১৪ জুলাই রাতে পূর্ববিরোধের জের ধরে প্রতিবেশী মৃত আব্দুল সত্তারের ছেলে কয়েছ মিয়া (৩৪) ও মৃত মোবারক মিয়ার ছেলে আব্দুল হান্নান সহযোগীদের নিয়ে অপহরণের পর পার্শ্ববর্তী গ্রামে নিয়ে সিরাজকে হত্যা করে লাশ ফেলে যায়। এ ঘটনায় নিহতের বোন মমতা বেগম কয়েছ মিয়া ও আব্দুল হান্নানের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পেয়ে আসামী কয়েছ মিয়া, আব্দুল হান্নান, আমির মিয়া ও সেলিম মিয়ার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

মৌলভীবাজার জজ কোর্টের পিপি অ্যাডভোকেট এএসএম আজাদুর রহমান সিরাজ হত্যা মামলার রায়ে দুই আসামীর যাবজ্জীবন ও অর্থদণ্ড এবং অপর দুইজনের বেকসুর খালাস প্রদানের সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.