নিজস্ব প্রতিবেদক | ২১ নভেম্বর, ২০১৬
সংবাদ সম্মেলন করে সিলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা স্থগিতের ব্যাখ্যা দিয়েছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। সোমবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করা হয়।
২৩ নভেম্বর দুপুরে নগরীর আলীয়া মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেওয়ার কথাছিলো। তবে রোববার হঠাৎ করে এই জনসভা স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
এ ব্যাপারে আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতারা বলেন, আগামী ২৮ ডিসেম্বর সারাদেশের জেলা পরিষদ্গুলোতে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হবে। যার তফসিল গত রবিবার বিকালে ঘোষণা করা হয়েছে। এ তফসিল অনুযায়ী নির্বাচনের আগে নির্বাচনী এলাকাগুলোতে কোন জনসভা করা যাবে না। মুলত, জেলা পরিষদ নির্বাচনের তফসিল মেনেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ জনসভা স্থগিত করেছেন। তবে ওইদিন তিনি সিলেটে আসবেন। হজরত শাহজালাল (র) ও শাহপরান (র) এর মাজার জিয়ারত করে জালালাবাদ সেনানিবাসের অনুষ্ঠানে যোগ দেবেন।
নেতৃবৃন্দ আরো বলেন- সারাদেশে প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষা চলছে। সিলেটে ২৩ নভেম্বর জনসভা করা হলে সমাপনী পরীক্ষার্থিদের কিছু অসুবিধা হত। এসব বিষয় বিবেচনা করেই শেখ হাসিনা নিজে এ জনসভা স্থগিত করার নির্দেশ দিয়েছেন।
এসময় বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।