Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীর সফরে যেসকল এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণে থাকবে

নিজস্ব প্রতিবেদক |  ২১ নভেম্বর, ২০১৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফর উপলক্ষে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) পক্ষ থেকে সর্বসাধারণের জ্ঞাতার্থে এক নির্দেশনা জারি করা হয়েছে।

এসএমপি কমিশনার কামরুল হাসানের পক্ষ থেকে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামি ২৩ নভেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সিলেট সফরের অংশ হিসেবে হযরত শাহজালাল (রহ.) মাজার, হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত ও জালালাবাদ সেনানিবাসে অনুষ্ঠানে যোগদান করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে ওই দিন সকাল ১০.০০ ঘটিকার পর এমএজি ওসমানী বিমানবন্দর থেকে সিলেট শহর এবং সিলেট শহর থেকে এমএজি ওসমানী বিমানবন্দরের দিকে সকল প্রকার যানবাহন চলাচল সাময়িক নিয়ন্ত্রিত/বন্ধ থাকবে।

এসএমপির পক্ষ থেকে এসকল সড়ক ব্যবহারকারীদের সকাল ১০.০০ ঘটিকার পূর্বেই তাদের গন্তব্যে পৌঁছানোর পরিকল্পনা করার জন্য অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৩ নভেম্বর বিকাল ০২.৪৫ ঘটিকার পর মাননীয় প্রধানমন্ত্রী এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে না পৌঁছানো পর্যন্ত এমএজি ওসমানী বিমানবন্দর থেকে সিলেট শহর এবং সিলেট শহর থেকে এমএজি ওসমানী বিমানবন্দর পর্যন্ত সকল প্রকার যানবাহন চলাচল নিয়ন্ত্রিত/বন্ধ থাকবে।

এছাড়া আরও বলা হয়, ২৩ নভেম্বর বিভিন্ন সময়ে বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত/বন্ধ থাকবে বিধায় প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদেরকে যৌক্তিক সময়ে নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

সর্বসাধারণের এই সাময়িক অসুবিধার জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.