তাহিরপুর প্রতিনিধি | ২২ নভেম্বর, ২০১৬
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার লাউড়গড় সীমান্ত থেকে সাড়ে ৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ব্যান্ডের ৫৬০ বোতল মদ উদ্ধার করেছে বিজিবি জওয়ানরা।
মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল ৭টার দিকে এই মদ উদ্ধার করা হয়। বিজিবি ও স্থানীয়রা জানান, উপজেলার বাদাঘাট ইউনিয়নের পুরান লাউড়গড় গ্রামের সুন্দর আলীর ছেলে আক্তার হোসেন নিজেকে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়কের সোর্স পরিচয় দিয়ে তার সহযোগীদের নিয়ে প্রতিদিনের মতো আজ (মঙ্গলবার) সকালে স্থানীয় বিজিবি সদস্যদের মিথ্যা তথ্য দিয়ে একদিকে বসিয়ে রেখে লাউড়গড় সীমান্তের ১২০৫ নং পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারত থেকে মদ পাচার করছিল।
এ সময় ওই খবর পেয়ে স্থানীয় বিজিবি ক্যাম্পের সোর্স নুরু মিয়া, রফিকুল ইসলাম (নবিকুল), জজ মিয়া ও আমিনুল ইসলাম লাউড়গড় বিজিবি সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে ৫৬০ বোতল ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মদ উদ্ধার করতে সক্ষম হয়। অভিযান কালে বিজিবির উপস্থিতি টের পেয়ে আক্তার হোসেন তার সহযোগীদের নিয়ে ৫৬০ বোতল মদ ফেলে রেখে পালিয়ে গেলে এ সময় কাউকেই আটক করতে পারেনি বিজিবি।
লাউড়গড় বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার আজহার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমার উপরস্থ কর্মকর্তার সাথে আলোচনা করে মদ পাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সুনামগঞ্জ-৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন পিএসসি এর সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা সব সময় মাদকের বিরুদ্ধে সোচ্চার। আর মাদকের বিরুদ্ধে আমাদের এরকম অভিযান সব সময় অব্যাহত থাকবে।