সিলেটটুডে ডেস্ক | ২২ নভেম্বর, ২০১৬
সিলেট বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের স্কুল ফিডিং কার্যক্রম পরিদর্শন ও আন্তঃহাউস সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
মঙ্গলবার (২২ নভেম্বর) বিকালে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি.।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাঙালি শিক্ষার্থীরা পৃথিবীর অন্যান্য মেধাবী শিক্ষার্থীদের চেয়ে ঊর্ধ্বে, আর এ বিশ্বাস বাঙালি জাতিকে আরও ঊর্ধ্বে নিয়ে যাবে বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি। একাডেমিক শিক্ষার পাশাপাশি বাঙালি জাতীয়তাবোধ এবং মুক্তিযুদ্ধের চেতনায় আস্থাশীল ব্যক্তিত্ব গড়ে তোলার জন্য সকলকে আন্তরিক থাকার আহ্বান জানান তিনি।
মন্ত্রী আরো বলেন, জাতীয়তাবাদ, ইতিহাস, মুক্তিযুদ্ধ, গণতান্ত্রিক মূল্যবোধ, অসাম্প্রদায়িক চেতনাবোধ শিক্ষার্থীদের মাঝে বিস্তার ঘটাতে হবে। প্রকৃত শিক্ষায় শিক্ষিত শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর সোনার বাংলা ও জননেত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ উপহার দিবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যাওয়ার যে সংকল্প নিয়েছেন তা শিক্ষার্থীদের মাধ্যমেই বাস্তবায়িত হবে।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলে গিয়েছেন ক্ষুধার্ত, দরিদ্র্, বস্ত্রহীন, শিক্ষাহীন, চিকিৎসাবিহীন কোন মানুষ এদেশে থাকবে না। বঙ্গবন্ধুর বাল্য, শৈশব, যৌবন সম্বন্ধে প্রতিটি শিক্ষার্থীর জানতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে আমরা এগিয়ে চলেছি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিমুক্ত অসাম্প্রদায়িক সমাজ তথা বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নের জন্য তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এ সময় মন্ত্রী বিদ্যালয় পরিদর্শন করেন এবং ছাত্রছাত্রীদের কাছ থেকে বাংলা ভাষা ও বাংলাদেশের ইতিহাস, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে ধারণা যাচাই করে সন্তোষ প্রকাশ করেন। পরে কৃতি শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করে মন্ত্রী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
কর্নেল আব্দুল্লাহ-আল-মামুন পিএসসি’র সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে মহিলা আসন-২৮ এর এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, লে. কর্নেল শাহ আলম চৌধুরী, লে. কর্নেল মো. নাসির উদ্দিন আহমদ, মেজর মোজাম্মেল হক, মেজর শাহেদ মেহের ও বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেটের অধ্যক্ষ ফয়জুল হক বক্তব্য রাখেন।