Sylhet Today 24 PRINT

মাধবপুরে রাতের আঁধারে ৩ বিঘা জমির ফসল কেটে ফেলেছে দুর্বৃত্তরা

মাধবপুর প্রতিনিধি |  ২৩ নভেম্বর, ২০১৬

হবিগঞ্জের মাধবপুরে রাতের আঁধারে এক কৃষকের ৩ বিঘা সবজি ক্ষেত কেটে ধ্বংস করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই কৃষক প্রায় ৪ লাখ টাকা ক্ষতির সম্মুখীন হয়েছেন।

উপজেলার চৌমুহনী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে মঙ্গলবার (২২ নভেম্বর) রাতের কোনো একসময় এ ঘটনা ঘটে।

বুধবার সকালে সবজি ক্ষেত থেকে টমেটো, বরবটি, করলা উঠাতে গিয়ে দেখেন, গোড়া দিয়ে কেটে ফেলা হয়েছে গাছগুলো। হতভাগা এ কৃষক এমন দৃশ্য দেখে অনেকটা বাকরুদ্ধ হয়ে পড়েন।

জানা যায়, ওই গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে গোলাপ খা একজন প্রান্তিক কৃষক। সবজি চাষ করেই পরিবার পরিজন নিয়ে সংসার চলে তাঁর। এ বছর বুকভরা আশা নিয়ে ধারকর্জ করে বাড়ীর পাশে ৩ বিঘা জমিতে টমেটো, বরবটি ও করলা চাষ করেন তিনি। ফলনও মোটামুটি ভাল হয়।

বুধবার সকালে সবজি তুলে বিক্রি করার জন্য সকালে জমিতে যান গোলাপ খা। সেখানে গিয়ে দেখতে পান টমেটো, বটবটি ও করলা গাছের গোড়া কাটা। রোদ উঠার সঙ্গে সঙ্গেই গাছগুলো নিস্তেজ হয়ে পড়ে। এ খবর প্রতিবেশির মধ্যে ছড়িয়ে পড়লে শতশত কৃষক ছুটে এসে এ দৃশ্য দেখে হতভম্ব হয়ে পড়েন। তাদের মধ্যেও দেখা দেয় হতাশা। গোলাপ ও তাঁর পরিবারের আর্তনাদ দেখে অনেকেই কেঁদে ফেলেন। কারা, কী কারনে কৃষক গোলাপের এমন সর্বনাশ করলো তা বুঝে উঠতে পারছেন না কেউ।

তবে কৃষক গোলাপ খা অভিযোগ করেন, পার্শ্ববর্তী কমলপুর গ্রামের আব্বাস মিয়া নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর বিরোধ ছিল। তিনি ধারনা করছেন এটি তারই কারসাজি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আপন মিয়া জানান, কৃষকের এই ক্ষতির সঙ্গে যে জড়িত থাকবে, তাকে খুঁজে বের করে আইনের হাতে সোপর্দ করা হবে।

এ ব্যাপারে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদির হোসেন জানান, কৃষক গোলাপ খা'র কাছ থেকে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.