নিজস্ব প্রতিবেদক | ১৬ এপ্রিল, ২০১৫
ঠিক সময়ের আগেই তারা জড়ো হয়েছিলেন কর্মসূচীস্থলে। সংখ্যায় তারা প্রায় জনাবিশেক। কিন্তু তাদের আসার আগে থেকেই সেখানে পুলিশের অবস্থান।
তারা সবাই যখন সারিবদ্ধ হয়ে মানবন্ধনের উদ্যোগ নিচ্ছেন তখনই বাঁধা হয়ে দাঁড়ায় পুলিশ। পুলিশ দেখে মাত্র দুই মিনিটেই ব্যনার গুটিয়ে স্থান ত্যাগ করেন তারা।
এ চিত্র দেখা যায় বৃহস্পতিবার বিকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে। বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর মুক্তির দাবিতে শমসের মবিন মুক্তি পরিষদ এই মানববন্ধন কর্মসূচির আায়োজন করেছিল।
বিকাল সাড়ে ৪ টার দিকে জেলা ও মহানগর বিএনপির বেশ কিছু নেতা এসে জড়ো হন শহীদ মিনারের সামনে। ৫ টার দিকে বেশ কয়েকজন নেতা একটি ব্যানার নিয়ে শহীদ মিনারের সামনে অবস্থান নেন। তখনই পুলিশ তাদেরকে মানবন্ধন না করে চলে যেতে বলে। এরপর তারা কর্মসূচি পালন না করেই চলে যান।
এ সময় উপস্থিত ছিলেন, শমসের মবিন মুক্তি পরিষদের নেতা কর্ণেল (অব.) আলী আহমদ, নগর বিএনপি নেতা ডা. নাজমুল হক, ডা. আরিফ আহমদ মোমতাজ রিফা, নিহার রঞ্জন দাস, সৈয়দ রেজাউল করিম আলো,মামুনুর রহমান মামুন, নিজাম উদ্দিন জায়গীরদার, ছালিক আহমদ চৌধুরী প্রমূখ।
এ ব্যাপারে কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ বলেন, তারা আগে থেকে এসএমপির কোন অনুমতি নেয়নি। বিনা অনুমতিতে মানবন্ধন করায় তাদেরকে সেখান থেকে চলে যাওয়ার জন্য বলা হয়েছে।