Sylhet Today 24 PRINT

শুক্রবার সিলেট বিভাগের প্রার্থী চূড়ান্ত করবে আ.লীগ

জেলা পরিষদ নির্বাচন

সিলেটটুডে ডেস্ক |  ২৫ নভেম্বর, ২০১৬

আসন্ন জেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে সিলেট বিভাগের ৪ জেলার দলীয় প্রার্থী আজ (শুক্রবার) চূড়ান্ত করবে আওয়ামী লীগ। সিলেট ছাড়াও আজ চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের প্রার্থী চূড়ান্ত করা হবে।

এদিকে বৃহস্পতিবার ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও রংপুর বিভাগের জেলাগুলোতে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। আগামী শনিবার চেয়ারম্যান পদে দলীয়-সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী ও মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। শুক্রবার সন্ধ্যা ছয়টায় গণভবনে আবার বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হবে। বোর্ডের ১৯ সদস্যের মধ্যে প্রায় সবাই উপস্থিত ছিলেন।

বৈঠকে উপস্থিত দুজন নেতা বলেন, জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান পদে প্রার্থিতা চূড়ান্ত করতে তাঁরা এই বৈঠক করেছেন। বৈঠকে পাঁচটি বিভাগের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। বাকি তিনটি বিভাগের প্রার্থীদের নাম শুক্রবার সন্ধ্যায় চূড়ান্ত করা হবে। এরপরই আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

বৈঠকে উপস্থিত মনোনয়ন বোর্ডের সদস্য মাহবুব উল আলম হানিফ বলেন, বৈঠকে তাদের সাংগঠনিক বিভিন্ন বিষয়ে বিভিন্ন আলাপ-আলোচনা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ছয়টায় আবার বৈঠক অনুষ্ঠিত হবে।

ঘোষিত তফশিল অনুযায়ী, জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে আগামী ২৮ ডিসেম্বর। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১ ডিসেম্বর। যাচাই-বাছাই ৩ ও ৪ ডিসেম্বর আর প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ১১ ডিসেম্বর পর্যন্ত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.