Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি  |  ২৫ নভেম্বর, ২০১৬

হবিগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে পাইপগান ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ডাকাত লুলু মিয়া ওরফে সেলিম মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে জেলার হরিপুরের খোয়াই নদীর স্লুইচ গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডাকাত লুলু মিয়া হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামের বাসিন্দা।

এ সময় ডাকাতদের হামলায় এসআইসহ তিন পুলিশ সদস্য আহত হন। আহত এসআই আব্দুল্লাহ আল জাহিদ, রাকিবুল হাসান ও কনস্টেবল ইয়াসিরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ভোরে হরিপুরের স্লুইচ গেট এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের ওপর হামলা চালায় ডাকাতরা। হামলায় এসআইসহ তিন পুলিশ সদস্য আহত হন। এসময় ডাকাত লুলু মিয়াকে পাইপগান ও ডাকাতির সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়। তবে অন্য ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হয়।

এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, গ্রেপ্তারকৃত ডাকাত লুলু মিয়ার বিরুদ্ধে হবিগঞ্জ জেলার ৭টি থানায় অনেকগুলো মামলা রয়েছে। তার বিরুদ্ধে ৫টি ডাকাতি মামলার গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.