Sylhet Today 24 PRINT

সাদা বুক মাছরাঙা

ছবি ও লেখা : এস আলম সুমন |  ২৬ নভেম্বর, ২০১৬

সাদা বুক মাছরাঙা, বৈজ্ঞানিক নাম - Haleyn smyrensis, লম্বায় ২৮ সেন্টিমিটার। মাথা, ঘাড় ও পেট গাঢ় বাদামী রঙের। চিবুক, গলা ও বুকের উপর সবুজের আভা আছে। ওড়ার পালক কালো ও গোড়ার দিক সাদা। লম্বা ভারী সূচালো চঞ্চু , রঙ গাঢ় নিস্প্রভ লাল। পায়ের রঙ ধূসর লাল। চঞ্চু আকারে বড়, মাথার উপরের দিকটা খয়েরী রঙের, বুকের রঙ সাদা এবং লেজসহ পিঠের রঙ নীলাভ।

স্ত্রী ও পুরুষ পাখি একই ধরনের দেখতে হয়। নদী, পুকুর, খাল বা ঝোপঝাড়ের আশেপাশে বসে থাকতে দেখা যায়। জানুয়ারি থেকে আগস্ট মাসে এরা ডিম পাড়ে এবং নদী, পুকুর বা খালের খাড়া পাড়ে গর্ত করে বাস করে। এই পাখি চার থেকে সাতটি ডিম একসাথে পাড়ে। সাদা বুক মাছরাঙার খাদ্য তালিকায় আছে ঘাসফড়িং, ঝিঁঝিঁ পোকা, গঙ্গা ফড়িং, পিঁপড়ে, উই পোকা ইত্যাদি। এছাড়াও কীটপতঙ্গ, কাঁকড়া-বিছে, তেঁতুলে বিছে, কাঁকড়া, ব্যাঙ, টিকটিকি, গিরগিটি, ইঁদুর এবং ছোটখাটো অসুস্থ ও দুর্বল এবং ছানা পাখি খেয়ে থাকে। মাছ এদের প্রধান খাদ্য তালিকায় পড়ে না তবুও এর নাম মাছরাঙা।

বাংলাদেশ ছাড়াও মধ্যপ্রাচ্য থেকে ইন্দোচীন, ফরমোজা ও ফিলিপাইন, শ্রীলঙ্কা ও আন্দামান দ্বীপপুঞ্জতে এই মাছরাঙা দেখা যায়। বাংলাদেশের সিলেট ও খুলনা অঞ্চলের সুন্দরবনে এসব পাখি বেশি দেখায় যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.