নিজস্ব প্রতিবেদক | ১৬ এপ্রিল, ২০১৫
বুধবার রাতে নগরীর টিলাগড়ে ছাত্রলীগের দু'পক্ষের সংঘর্ষের সময় রনজিত সরকারের বাসায় হামলার সংবাদের সাথে দ্বিমত পোষন করেছেন জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক রনজিত সরকার।
তার বাসায় হামলার কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়ে রনজিত সরকার বলেন, এটি সম্পূর্ণ গুজব। মোটেই সত্য নয়।
বুধবার রাত সাড়ে ১১ টায় টিলাগড়ে ছাত্রলীগের দু'পক্ষের মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। আগের দিন বর্ষবরণের অনুষ্ঠানে ছাত্রলীগের দু'পক্ষের সংঘাতের জের ধরে বৃহস্পতিবার ফের সংঘর্ষ বাঁধে।
এ নিয়ে সিলেট টুডেতে প্রকাশিত প্রতিবেদনে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে উল্লেখ করা হয়, সংঘর্ষকালে ছাত্রলীগের একপক্ষ রনজিত সরকারের বাসায় হামলা করে ও একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
বুধবার রাতে রনজিত সরকারের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।
সংবাদটি প্রকাশের পর ছাত্রলীগের রনজিত সরকার অনুসারী গ্রুপের নেতারা হামলার ঘটনা সত্য নয় বলে দাবি করেন। অনেকে ফেসবুকে এ নিয়ে বিরুপ মন্তব্যও করেন।
বুধবারের সংঘর্ষের ঘটনায় নিজেকে প্রত্যক্ষদর্শী দাবি করে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও রনজিত গ্রুপ অনুসারী নেতা মিঠু তালুকদার বলেন, বুধবার রাতে সড়কের মধ্যে ঝামেলা হয়েছে। সড়কের পাশে তো অনেকের বাসা। অন্যকারো বাসায় হামলা হতে পারে। তবে রনজিত সরকারের বাসায় কোনো হামলা হয়নি।