Sylhet Today 24 PRINT

টানা ৮ম বারের মত সিলেটের সর্বোচ্চ করদাতা হলেন বাবুল

সিলেটটুডে ডেস্ক |  ২৬ নভেম্বর, ২০১৬

টানা ৮ম বারের মতো সিলেট বিভাগের সর্বোচ্চ করদাতা নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মোনায়েম খাঁন বাবুল।

২০ নভেম্বর বাংলাদেশ সরকারের প্রকাশিত গেজেটে তার নাম প্রকাশিত হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অধিশাখা-২ এর উপ-সচিব মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত প্রকাশিত গেজেটে সিলেট কর অঞ্চল সার্কেল-৬ এর অধীনস্থ ২০১৫-২০১৬ করবর্ষে সিলেট নগরীর দক্ষিণ সুরমার মেসার্স মোনায়েম খাঁন বাবুল-এর সত্ত্বাধিকারী মোনায়েম খাঁন বাবুলের নাম প্রকাশিত হয়।

এর আগে ২০০৮ সাল থেকে একাধারে তিনি সর্বোচ্চ করদাতা হিসেবে নির্বাচিত হয়ে আসছেন। মূলত ওই বছর থেকেই সর্বোচ্চ করদাতা নির্বাচিত করে তাদের সম্মাননা দিয়ে আসছে সরকার। এবারও ৩০ নভেম্বর সর্বোচ্চ করদাতাদের সম্মাননা জানানো হবে।

উল্লেখ্য, মোনায়েম খাঁন বাবুল ১৯৬৭ সালের ৪ জানুয়ারি সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারের বালকী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা কটাই মিয়া খাঁন ও মাতা করফুল নেছা। বিগত ৩০ বছর ধরে তিনি নিজ নামে প্রতিষ্ঠিত মেসার্স মোনায়েম খান বাবুল প্রতিষ্ঠানের মাধ্যমে সুনামের সাথে ব্যবসা করে আসছেন। তিনি চার্টার্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালক, মোনায়েম খাঁন প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ একাধিক ব্যবসাপ্রতিষ্ঠানের সাথে জড়িত। ব্যক্তিগত জীবনে তিনি দুই পুত্র ও দুই কন্যা সন্তানের জনক।

মোনায়েম খান বাবুল তার এক প্রতিক্রিয়ায় বলেন, ‘সর্বোচ্চ করদাতা নির্বাচিত হওয়ার খবরটি আসলে আনন্দের। সরকারের উচিত ব্যবসায়ীদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে আরো সম্মানিত করা। এমনকি বহির্বিশ্বের মতো করদাতা ব্যবসায়ীরা যখন অবসরে চলে যান তখন তাদের পেনশনের ব্যবস্থা করা। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.