Sylhet Today 24 PRINT

পাথর উত্তোলন ‘বন্ধ’, তবু জাফলংয়ে চলছে অবৈধ মেশিন

গোয়াইনঘাট প্রতিনিধি |  ২৬ নভেম্বর, ২০১৬

সিলেটের জাফলং পাথর কোয়ারিতে পাথর উত্তােলনে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। এরপর থেকে জাফলংয়ে সব ধরণের পাথর উত্তোলন বন্ধ রয়েছে বলে দাবি প্রশাসনের। প্রশাসনের এমন দাবি সত্ত্বে জাফলং কোয়ারিতে চলছে অবৈধ সেলো মেশিন।
 
পাথরখোকোরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধ মেশিন ব্যবহার করে চলছে। শনিবার বিকেলে জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান চালিয়ে ৩টি সেলো মেশিন ও সরঞ্জামে অগ্নিসংযোগ করে।
 
গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালাহ উদ্দিন’র নেতৃত্বে জাফলংয়ের কান্দুবস্তী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) আশ্রাফ আহমেদ রাসেল ও গোয়াইনঘাট থানা পুলিশের এস আই আব্দুল হক উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালাহ উদ্দিন জানান, গত ১ সেপ্টেম্বর কোয়ারি থেকে পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা আরোপ করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়।

মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী জাফলং ও বিছনাকান্দি কোয়ারি দুটি থেকে সকল প্রকার পাথর উত্তোলন প্রক্রিয়া বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। এই নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোয়ারি এলাকায় মাইকিং করে জানানো হয়েছে। এরপর থেকে উপজেলা প্রশাসনের তৎপরতায় প্রায় তিন মাস ধরে জাফলংয়ের পিয়াইন নদী থেকে পাথর উত্তোলন সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।

তিনি বলেন, পাথর উত্তোলনে কঠোর নিষেধাজ্ঞা থাকার পরও কিছু দুস্কৃতিকারি জাফলংয়ের কান্দুবস্তী নামক গ্রামের মধ্যবর্তী স্থান থেকে গর্ত খনন করে পাথর উত্তোলনের চেষ্টা চালায়। শনিবকার ওই এলাকায় অভিযান চালিয়ে পাথর উত্তোলনের গর্তে সেচ কাজে ব্যবহৃত ৩টি সেলো মেশিন ও এর সরঞ্জামে অগ্নিসংযোগ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.