Sylhet Today 24 PRINT

দিরাই বোমা হামলা মামলায় আরিফ ও গৌছের জামিন নামঞ্জুর

সিলেটটুডে ডেস্ক |  ২৭ নভেম্বর, ২০১৬

সুনামগঞ্জের দিরাইয়ে বোমা হামলা মামলায় সিলেট সিটি করপোরেশনের বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জিকে গৌছের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৭ নভেম্বর) সকাল ১১টায় দিরাই আমল গ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মোহাম্মদ সালেহর আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

বাদী পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী এপিপি শহীদুল হাসমত খোকন জানান, "মামলার অধিকতর তদন্তে দুই আসামির সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় দুই আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।"

আসামিপক্ষের আইনজীবী শহীদুজ্জামান চৌধুরী বলেছেন, "আমরা উচ্চ আদালতে আইনি লড়াই চালিয়ে যাবো।" 

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ জুন দিরাই বাজারে একটি রাজনৈতিক সমাবেশে বোমা হামলার ঘটনা ঘটে। সমাবেশে তখন প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। ওই বোমা হামলায় এক যুবলীগকর্মী নিহত ও ২৯ জন আহত হন। ওই ঘটনায় এসআই হেলাল উদ্দিন বাদী হয়ে দিরাই থানায় একটি মামলা দায়ের করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.