Sylhet Today 24 PRINT

সিলেট-ঢাকা রুটে চালু হচ্ছে সান্ধ্যকালীন বিমানের ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক |  ২৭ নভেম্বর, ২০১৬

সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করতে রোববার অর্থ মন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

অর্থমন্ত্রীর আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে এ বৈঠকে বিমানমন্ত্রী রাশেদ খান মেননসহ দুই মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তা ও সিলেটের আওয়ামী লীগ নেতারা অংশ নেন।

সভায় সিলেট ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক রূপ দিতে অবকাঠামোগত উন্নয়ন, রিফুয়েলিং স্টেশন চালু করতে অর্থমন্ত্রীর প্রস্তাব দিলে বিমানমন্ত্রী এ ব্যাপারে দ্রুত উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

এছাড়া সিলেট-ঢাকা রুটে সান্ধ্যকালীন বিমানের ফ্লাইট চালু করতে বিমানমন্ত্রীকে প্রস্তাব দেন অর্থমন্ত্রী। দ্রুত সিলেট-ঢাকা রুটে সান্ধ্যকালীন বিমানের ফ্লাইট চালুর আশ্বাস দেন বিমানমন্ত্রী।

বৈঠকের সিলেটের অন্যান্য উন্নয়ন নিয়েও আলোচনা হয়। সিলেট কেন্দ্রীয় কারাগারকে স্থানান্তরের পর বর্তমান কারাগারের স্থলে উদ্যান নির্মাণ এবং সৌন্দর্যবর্ধন ও নাগরিকদের সুবিধার্থে নগরীর আরো কয়েকটি স্থানে ওয়াকওয়ে নির্মাণের ব্যাপারে আলোচনা হয়।

সভায় জানানো হয়, সিলেট কেন্দ্রীয় কারাগারের স্থলে উদ্যান নির্মাণে বেঙ্গল ফাউন্ডেশনের সহযোগিতা নেওয়া হতে পারে। এ ব্যাপারে বেঙ্গল ফাউন্ডেশন একটি প্রকল্প প্রস্তাবও জমা দিয়েছে।

বৈঠক শেষে কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস্য ও সিলেট মহানগর সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান এ তথ্য জানিয়েছেন।

বৈঠকে দুই মন্ত্রী, বেসামরিক বিমান মন্ত্রণালয়ের সচিব, বিমানের ব্যবস্থাপনা পরিচালক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, সদস্য বদরউদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি সালাহউদ্দিন আলী আহমদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.