নিজস্ব প্রতিবেদক | ২৮ নভেম্বর, ২০১৬
সিলেটের গোলাপগঞ্জ থানার ভাদেশ্বর ইউনিয়নের স্থানীয় একটি বিদ্যালয়ের শিশু শ্রেণীর ৬ বছরের এক ছাত্রী ধর্ষিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্বভাগ গ্রামের নোয়াপাড়ার মুড়াটিলা কবরস্থানে শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৫টায় ওই শিশুটিকে একই গ্রামের মৃত মাশুক আলীর ছেলে পাপ্পু আহমদ (২০) ধর্ষণ করে।
এদিকে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে শনিবার (২৬ নভেম্বর) গোলাপগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার জন্য নির্দেশ দেন। বর্তমানে সে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন অবস্থায় আছে।
এব্যাপারে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক শিবলি সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, বিষয়টি শুনার পরপরই আমরা তাকে সিলেট মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) প্রেরণ করি। তিনি আরো বলেন, অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।
তবে পরিবার সূত্রে জানা যায়, মেয়েটির মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। তারা এখন মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। তবে আমরা দ্রুতই ধর্ষককে গ্রেফতার করতে পারবো বলে আশাবাদী।