Sylhet Today 24 PRINT

রড দিয়ে জেলারের মাথা ফাটিয়ে দিলেন কয়েদি

নিজস্ব প্রতিবেদক |  ০১ ডিসেম্বর, ২০১৬

সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলারের উপর হামলা চালিয়েছেন সাজাপ্রাপ্ত এক আসামী। গুরুতর আহত অবস্থায় জেলার মাসুদ পারভেজ মঈনকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কারাগারের মূল ফটকের অভ্যান্তরে এঘটনা ঘটে। এ ঘটনার পর কারাগারে বন্দীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। কারাগারের ভেতরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

কারাগার সূত্র জানায়, প্রতিদিনের মতো সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুদ পারভেজ মঈন প্রধান ফটকের কাছে ডেক্সে বসে বন্দীদের হিসেব করছিলেন। এসময় একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী প্রমোদ চন্দ্র দাসও লাইনে বসা ছিল। হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে ঐ কয়েদি কারাগারের প্রধান কারারক্ষী ও গোয়েন্দা প্রধান  মাসুদ পারভেজ মঈনের মাথায় একটি লোহার পাইপ দিয়ে আঘাত করেন। সাথে সাথে অন্যান্য কারক্ষীরা এগিয়ে এসে মাসুদ পারভেজ মঈনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

অন্যদিকে বন্দী প্রমোদ চন্দ্র দাসকে কারাগারের সেলে রাখা হয়েছে। দুপুরে সিলেট কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার নুর মোহাম্মদ সুহেল হামলাকারী প্রমোদ চন্দ্র দাসকে আসামী করে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেছেন।

সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো.ছগির মিয়া এঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কয়েদির হামলায় আহত জেলার মাসুদ পারভেজ মঈনের মাথায় ৭টি সেলাই দেওয়া হয়েছে।

তিনি জানান, সুনামগঞ্জের দিরাই উপজেলার একটি হত্যা মামলায় ঐ কয়েদির যাবজ্জীবন কারাদন্ড হয়। ২০০৪ সালের ১৯ মে থেকে তিনি সিলেট কেন্দ্রীয় কারাগারে আছেন। তার কয়েদী নম্বর হচ্ছে- ৯২০৪।

কোতোয়ালী থানার সেকেন্ড অফিসার আজিম পাটোয়ারী জানান, সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলারের উপর হামলার ঘটনায় ডেপুটি জেলার নুর মোহাম্মদ সুহেল বাদি হয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী প্রমোদ চন্দ্রের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ কারাগারের ভেতরের ঘটনাস্থল পরিদর্শন করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.