Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে জলমহাল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫০

বানিয়াচং প্রতিনিধি  |  ০২ ডিসেম্বর, ২০১৬

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রহমতপুর গ্রামে জলমহাল নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে টেঁটাবিদ্ধ অবস্থায় শহিদ মিয়া (৪০), মহিবুর রহমান (২৫), কাইয়ুম মিয়া (৩০) ও জুবেল মিয়াকে (১৫) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়া সংঘর্ষে আহত আলামিন মিয়া (২৫), মিরাশী বেগম (৩৫), আহম্মদ মিয়া (২২), আশুক মিয়া (৩০), আব্দুল সামাদ (২২), কাইয়ুম মিয়া (২৫), সাহিদ মিয়া (৩৫), জুবেল মিয়া (১৫), রওশন মিয়া (৪৫), রুবেল মিয়া (১২), মহিবুর রহমান (২০), লিয়াকত (৩০), আলফিনা বেগম (১৬), আরব আলী (৩৫) ও জুয়েল চৌধুরীকে (২৮) হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, বানিয়াচং উপজেলার রহমপুর গ্রামের শের আলীর ছেলে মস্তু মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে জলমহাল নিয়ে বিরোধ চলছিলো একই গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে ইউপি মেম্বার আলী রহমানের। এ নিয়ে সকালে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টাব্যাপী দফায় দফায় এ সংঘর্ষ চলে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.