Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে নৌকা ডুবে নিখোঁজ স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার

ওসমানীনগর প্রতিনিধি |  ০৩ ডিসেম্বর, ২০১৬

সুনামগঞ্জের জগন্নাথপুরে নৌকা ডুবিতে নিখোঁজ শাহ সুমি বেগম নামের এক স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার আশারকান্দি ইউপির দাওরাই হালুখালে নৌকা ডুবির ঘটনাটি ঘটে।

নিহত সুমি উপজেলার আশারকান্দি ইউপির দাওরাই পশ্চিম পাড়া গ্রামের শাহ আলতা মিয়ার মেয়ে ও স্থানীয় ষড়পল্লী উচ্চ বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণীর ছাত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, শনিবার সকাল সাড়ে নয়টার দিকে বার্ষিক পরীক্ষা দিতে সুমি বাড়ি থেকে বের হয়। সুমিসহ আরো ৩০-৪০ জন শিক্ষার্থী হালুখালে খেয়া পাড়ি দেয়ার সময় খালের মধ্যখানে শিক্ষার্থী বোঝাই নৌকাটি ডুবে যায়। স্থানীয়দের সহযোগিতায় ডুবে যাওয়া অন্যান্য শিক্ষার্থীরা তীরে উঠতে পারলেও সুমি নিখোঁজ ছিলো।

স্থানীয়ভাবে উদ্ধার তৎপরতা চালিয়ে ব্যর্থ হলে সিলেট তালতলা ফায়ার ব্রিগেডের টিম লিডার গোলাম আজমের নেতৃত্বে দুইজন ডুবুরি বিকেল সাড়ে তিনটা থেকে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে সন্ধ্যা সাড়ে ৫টায় সুমির লাশ উদ্ধার করেন ডুবুরিরা।

দাওরাই ষড়পল্লী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবু খালেদ নৌকা ডুবির সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে বিদ্যালয়ে আসার পথে খেয়া নৌকা ডুবে নবম শ্রেণীর ছাত্রী সুমি নিখোঁজ হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.