Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে নির্মিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী অনুদ্বৈপায়ন ভট্টাচার্য স্মৃতিস্তম্ভ

সিলেটটুডে ডেস্ক |  ০৩ ডিসেম্বর, ২০১৬

২৬ মার্চ ১৯৭১ ভোর রাতে পাকিস্থানী বাহিনীর হাতে নির্মমভাবে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ বিজ্ঞান বিভাগের তরুণ শিক্ষক, নবীগঞ্জের কৃতিসন্তান শহীদ বুদ্ধিজীবী অনুদ্বৈপায়ন ভট্টাচার্য স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নিয়েছে নবীগঞ্জ উপজেলা পরিষদ।

শনিবার দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরীর নেতৃত্বে স্মৃতিস্তম্ভের স্থান নির্ধারণ করা হয়। উপজেলা পরিষদের পক্ষ থেকে জানানো  হয়েছে আসছে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদ অনুদ্বৈপায়ন স্মৃতিস্তম্ভের উদ্ভোধন করা হবে।

নবীগঞ্জ সরকারী ডিগ্রী কলেজ ও শহীদ অনুদ্বৈপায়নের নিজ গ্রাম জন্তরীর ত্রিমূখী রাস্তার মিলনস্থলের পাশে নির্মিত হবে প্রস্তাবিত শহীদ বুদ্ধিজীবী অনুদ্বৈপায়ন ভট্টাচার্য স্মৃতিস্তম্ভ।  ১৯৯২ সালে বাংলাদেশ ডাক বিভাগ কর্তৃক শহীদ বুদ্ধিজীবী অনুদ্বৈপায়ন ভট্টাচার্যকে নিয়ে প্রকাশিত ডাক টিকেটকে প্রতিপাদ্য করে তৈরী করা হয়েছে শহীদ স্মৃতিস্তম্ভের মূল নকশা।
স্মৃতিস্তম্ভের স্থান নির্ধারণী অনুষ্ঠানে শহীদ অনুদ্বৈপায়ন ভট্টাচার্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন শহীদ অনুদ্বৈপায়ন স্মারকগ্রন্থের সম্পাদক, সাংবাদিক উজ্জ্বল দাশ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীগঞ্জ বাহুবল আসনের সাংসদ এম এ মুনিম চৌধুরী বাবু, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) জীতেন্দ্র দেবনাথ, নবীগঞ্জ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, নবীগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক রেজাউল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আমিনুর রহমান চৌধুরী সুমন, পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ইকবাল আহমেদ বেলাল, সংস্কৃতিকর্মী নীলকন্ঠ দাশ সামন্ত নন্টি, সাংবাদিক মতিউর রহমান প্রমুখ।
 
স্বাধীনতার পর নবীগঞ্জ উপজেলা সদর থেকে তাঁর গ্রাম জন্তরী পর্যন্ত রাস্তার নামকরণ করা হয়েছিল অনুদ্বৈপায়ন সড়ক। কালের গর্ভে সেটি এখন কলেজ রোড নামেই অধিক পরিচিত। এখন আর কোথাও চোখে  পড়েনা না অনুদ্বৈপায়ন সড়কের ফলক। নবীগঞ্জ উপজেলা পরিষদ কর্তৃক জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ অনুদ্বৈপায়ন ভট্টাচার্যকে নিয়ে স্মৃতিস্তম্ভ নির্মাণের এই প্রচেষ্ঠাকে সাধুবাদ জানিয়েছেন নবীগঞ্জবাসী।

উল্লেখ্য, শহীদ অনুদ্বৈপায়ন ভট্টাচার্য হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার জন্তরী গ্রামের সন্তান। ১৯৪৫ সালের ৩১ জানুয়ারি তাঁর জন্ম। পিতা দিগেন্দ্রচন্দ্র ভট্টাচার্য ছিলেন নামকরা আয়ুর্বেদ চিকিৎসক।  নবীগঞ্জ যোগল কিশোর (জে.কে) হাই স্কুলের কৃতি ছাত্রদের মধ্যে অন্যতম অনুদ্বৈপায়ন। ১৯৬১ সালে স্কুল থেকে প্রথম শ্রেণীতে অংক ও সংস্কৃত বিষয় দুটিতে লেটার নম্বর পেয়ে ম্যাট্রিকুলেশন (এস.এস.সি) উত্তীর্ণ হন। ১৯৬৩ সালে এম.সি. কলেজ থেকে প্রথম বিভাগে মেধা তালিকায় একাদশ স্থান অধিকার করে আই.এস.সি (উচ্চ মাধ্যমিক) পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে প্রথম বর্ষ সম্মান শ্রেণীতে ভর্তি হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.